রাজনীতি
নয়াপল্টনে আজ বিএনপির ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার’ শীর্ষক মহাসমাবেশ
রাজধানী ঢাকার নয়াপল্টনে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার’ শীর্ষক মহাসমাবেশ। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ আয়োজনে এই সমাবেশ বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে।
আয়োজকদের বরাতে জানা গেছে, সমাবেশ সফল করতে সব প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ বিভাগ থেকে প্রায় ১৫ লাখ তরুণ-তরুণীর অংশগ্রহণের আশা করছে দলটি।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি এ সময় দেশের তরুণদের উদ্দেশে বিএনপির রাষ্ট্রব্যবস্থা সংক্রান্ত দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক কর্মপন্থা ও ভবিষ্যৎ কৌশল তুলে ধরবেন।
এছাড়াও বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
দলটির তিন অঙ্গ সংগঠন চলতি মে মাসজুড়ে তরুণদের রাজনৈতিকভাবে সক্রিয় করতে ধারাবাহিকভাবে বিভিন্ন বিভাগীয় শহরে সেমিনার ও সমাবেশের আয়োজন করে। এরই অংশ হিসেবে চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় আগে থেকেই কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। ঢাকার এই মহাসমাবেশকে তারা পুরো কর্মসূচির চূড়ান্ত ও সর্ববৃহৎ আয়োজন হিসেবে দেখছে।
বিএনপি নেতাদের ভাষ্য, দেশের ভবিষ্যৎ গঠনে তরুণদের সম্পৃক্ত করা, রাজনৈতিক অধিকার সম্পর্কে সচেতন করে তোলা এবং গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ নিশ্চিত করতেই এই মহাসমাবেশের উদ্যোগ নেওয়া হয়েছে।









