ইন্দুরকানীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার ও হেয়প্রতিপন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
পিরোজপুরের ইন্দুরকানীতে বালিপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ শহিদুল ইসলাম বাবুল এর বিরুদ্ধে অপপ্রচার ও তাকে হেয়প্রতিপন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন চেয়ারম্যান ও ইউপি সদস্যরা ।
আজ বুধবার বেলা ১২টার দিকে বালিপাড়া অস্থায়ী ইউনিয়ন পরিষদ কার্যালয় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ।
এসময় সংবাদ সম্মেলনে লিখিত বক্ত্যবে (ভারপ্রাপ্ত) ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম বাবুল বলেন, ডিলারের টিসিবির পন্য রাখার জায়গা না থাকায় আমার কাছে বিষয়টি বললে পরিষদের পুরনো অস্থায়ী কার্যালয়ে টিসিবির পন্য রাখার জন্য ডিলার মেসার্স ইরা এন্টারপ্রাইজের মালিক আব্দুল হাই কে অনুমতি দেওয়া হয়। এবং সেখানে তিনি টিসিবির পন্য রেখে গতকাল মঙ্গলবার নির্ধারিত কার্ডধারী ৭৬৭ জন উপকারভোগীদের মাঝে টিসিবির পণ্য বিতরন শুরু করেন। কিন্তু ১৬৫ জন উপকারভোগীদের চাল, তৈল, চিনি, ডাল দিলেও বাকি ৫০২ জনকে উপকারভোগীকে শুধুমাত্র ৫ কেজি করে চাল দেওয়া হয় । বাকি পণ্যগুলো উপকারভোগীদের মাঝে বিতরণ না করে তৈলের কাটুন ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের বাথরুমে লুকিয়ে রাখেন বলে আমি জানতে পারি।
কিন্তু বাথরুমের ভিতরে টিসিবির পন্য পাওয়ার বিষয়টি জানাজানি হলে উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক কালাম শিকদার তার সাথে থাকা সোয়েব শিকদার, আলাউদ্দিন শিকদার ও খসরুল আলম আমার অফিস কার্যালয়ে প্রবেশ করে ভিডিও ছবি তুলে এবং আমার সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন । অথচ টিসিবির পন্য দেওয়ার কোনো দায়িত্ব আমার নেই। আর এই বিষয়ে আমার কিছু জানা নেই।
তিনি আরও বলেন, আমি দ্বায়িত্ব গ্রহণের পর থেকে সাধারণ জনগণের কল্যাণে বরাদ্দকৃত অর্থ যেন যথাযথ ভাবে ব্যবহার করা হয় সে লক্ষ্যে কাজ করছি। কিন্তু কিছু ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য আমাকে নানা ভাবে বিব্রত করা ও হেয় প্রতিপন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত আছে। আমি ওই অপপ্রচারের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আমি এই বিষয়ে ইন্দুরকানী থানায় একটি সাধারণ ডায়রি করি ।
এসময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য আঃ জলিল শেখ, মোঃ জামাল
হাওলাদার, মোঃ রিয়াজ বয়াতী, নাসির উদ্দিন সেন্টু, শাহরিয়া, শিউলি পারভিন ও
তাছলিমা বেগম।
এবিষয় টিসিবির পণ্যের ডিলার মোঃ আব্দুল হাই জানান, আমি এবিষয়টি নিয়ে ইউএনও স্যারের মতামত না নিয়ে সাংবাদিকদের বক্তব্য দিতে রাজি নই ।
এবিষয় উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক কালাম শিকদার বলেন, ডিলার আব্দুল হাই টিসিবির পণ্য বিতরনে অনিয়ম করায় স্থানীয় কয়েক ব্যক্তির সঙ্গে বাকবিতন্ডা হয় । এসময় আমি জানতে পেরে ঘটনা স্থলে আসলে
দেখতে পাই টিসিবির পণ্য ভ্যানগাড়ীতে করে নিয়ে যায় । আমরা অনিয়মের বিষয়টি প্রতিবাদ করলে আমাদের উপর তারা ক্ষিপ্ত হয়।
এবিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক হাসান বিন মুহাম্মদ আলী কে তার মুঠোফোনে কল দিলে তিনি ব্যস্ততা দেখিয়ে ফোন কেটে দেন।








