শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১ ১৪৩২
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১ ১৪৩২

সরকারি নিয়ম লঙ্ঘন করে কৃষকদের জন্য বরাদ্দকৃত সার

আটোয়ারীতে অবৈধভাবে সার পাচারের দায়ে জরিমানা 

সালাম মুর্শেদী (পঞ্চগড়) প্রতিনিধিঃ প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ১১:১৪ এম
আটোয়ারীতে অবৈধভাবে সার পাচারের দায়ে জরিমানা 

পঞ্চগড়ের আটোয়ারীতে সরকারি নিয়ম লঙ্ঘন করে কৃষকদের জন্য বরাদ্দকৃত সার অবৈধভাবে অন্যত্র পাচারের অভিযোগে এক ডিলারকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (২৮ আগষ্ট) রাতে কৃষকদের জন্য বরাদ্দকৃত সার অবৈধভাবে অন্যত্র পাচারের অভিযোগে উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বালিয়া লক্ষ্মীত্থান বাজারের ‘মেসার্স শহিদুল ট্রেডার্স’ এর স্বত্বাধিকারী ডিলার গিয়াস উদ্দিনের জামাই নজরুল ইসলামকে ৮০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান। এসময় উপজেলা কৃষি অফিসার মোঃ মোস্তাক আহমেদ, আটোয়ারী থানার ওসি (তদন্ত) মোঃ ফারুক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। 

জানা যায়, ‘মেসার্স শহিদুল ট্রেডার্স’ এর স্বত্বাধিকারী গিয়াস উদ্দিনের জামাই নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে তার শ্বশুরের সারের ডিলারি ব্যবসা দেখাশোনা করেছিলেন। বিভিন্ন সময় কৃষকদের সারের কৃত্রিম সংকট দেখিয়ে সার দিতেন না তিমি। এছাড়াও নামে-বেনামে উচ্চ মূল্যে বিভিন্ন জায়গায় সার বিক্রির অভিযোগও রয়েছে তার নামে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার কৌশলে তার গ্রামের বাড়ি পার্শ্ববর্তী ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজানের উদ্দেশ্যে ২০ বস্তা পটাশ সার পাচারের লক্ষ্যে একটি চার্জার ভ্যানে লোড করেন। এসময় ওই ভ্যানটি বালিয়া লক্ষ্মীত্থান বাজার পাড় হওয়ার সময় স্থানীয় এরশাদ সহ বেশ কয়েকজন ভ্যানটিকে আটক করেন। পরে ওই ভ্যান চালক জানান, সে সার গুলো নিয়ে নজরুল ইসলামের গ্রামের বাড়ি ভেলাজানের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। 

পরে স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসারকে মুঠোফোনে সার পাচারের বিষয়টি অবগত করলে তৎক্ষনাৎ উপজেলা কৃষি অফিসার সহ পুলিশ প্রশাসনও ঘটনাস্থলে উপস্থিত হয়। এসময় ডিলারের জামাই নজরুল ইসলামের কাছে সার পাচারের বিষয়টি নিশ্চিত হয় উপজেলা প্রশাসন। 

এসময় সার পাচারকারীর বিচারের দাবিতে ঘটনাস্থলে উপস্থিত মানুষের চরম উত্তেজনার কারণে ‘মেসার্স শহিদুল ট্রেডার্স’ এর স্বত্বাধিকারী ডিলার গিয়াস উদ্দিনের জামাই নজরুল ইসলামকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ধরে নিয়ে আসা হয়। পরে তাকে ২০০৬ সালের সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী সার পাচারের অভিযোগে ৩০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী আরো ৫০ হাজার টাকা সহ মোট ৮০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

এবিষয়ে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে তৎক্ষনাৎ উপস্থিত হই। অভিযুক্ত ব্যাক্তি সার পাচারের বিষয়টি সত্যতা স্বীকার করেন৷ তাই আমরা তাকে ২০০৬ সালের সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী সর্বোচ্চ ৩০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আরেকটি ধারায় ৫০ হাজার টাকা সহ মোট ৮০ হাজার টাকা অর্থদন্ড করেছি। তিনি আরো জানান, যেহেতু ওই ডিলার সরকারি বিধি ভঙ্গ করেছেন সেহেতু তার ডিলারির লাইসেন্স বাতিল করার জন্য উপজেলা কৃষি অফিসারকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সরিষাবাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্প: চিকিৎসাসেবা পেলেন শতশত রোগী

স্বপন মাহমুদ, জামালপুর প্রতিনিধি:  প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৪ পিএম
সরিষাবাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্প: চিকিৎসাসেবা পেলেন শতশত রোগী

‘সবার আগের বাংলাদেশ ধানের শীষে আস্থা অশেষ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা প্রায় ৩ হাজার রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকে দিনব্যাপী উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা বালুর মাঠে ‘ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ’ (ড্যাব) জেলা শাখার আয়োজনে এবং জেলা বিএনপির সহযোগীতায় এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনে উপস্থিত ছিলেন- জামালপুর জেলা বিএনপির সভাপতি ও সরিষাবাড়ী আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম। 

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জেলা শাখার সমন্বয়ক এবং নাক, কান, গলা ও হেডনেক বিশেষজ্ঞ সার্জন ডাঃ মোঃ কামরুল হাসানের এর সার্বিক পরিচালনায় ক্যাম্পে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ, সহ-সভাপতি নাজমুল হুদা খান উজ্জ্বল, সহ-সভাপতি লিয়াকত আলী, উপজেলার বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান বাবলু, ডোয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম, যুবদলের সভাপিত সালে আকরাম পল্লব, সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, প্রচার সম্পাদক আলমগীর হোসেন, ছাত্রদলের সভাপতি লিটন মিয়া প্রমুখ। 

এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা ডাঃ দেবাশীষ রাজ বংশী, মেডিকেল অফিসার ডাঃ রবিউল ইসলাম, ডাঃ তরিকুল ইসলাম রনি সহ মেডিসিন বিশেষজ্ঞ, বক্ষবিধি বিশেষজ্ঞ, দন্ত রোগ বিশেষজ্ঞ, চর্ম ও যৌন বিশেষজ্ঞ, নাক-কান, গলা বিশেষজ্ঞ, সার্জারি বিশেষজ্ঞ, অর্থ সার্জারি, চক্ষু বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞ ও গাইনী বিশেষজ্ঞ ১০জন ডাক্তার এই চিকিৎসা সেবা প্রদান করেন। পাশাপাশি বিনামূল্যে ঔষুধ বিতরণ করা হয়।

আয়োজক বৃন্দরা বলেন, ‘আসছে আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করলে এই রকম ফ্রি চিকিৎসা সেবার কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত রাখা হবে।

চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা বলেন, ‘বিনামূল্যে চিকিৎসা সেবা আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। আমাদের মত গরীব মানুষে টাকা খরচ করে চিকিৎসা গ্রহণ করা খুব কষ্টের। আমার চাই প্রতি মাসে মাসে এমন ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা হোক।

এবারের একটা ভোট একটা ইতিহাস তৈরি করবে- নওশাদ জমির

সালাম মুর্শেদী, (পঞ্চগড়) প্রতিনিধিঃ প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২২ পিএম
এবারের একটা ভোট একটা ইতিহাস তৈরি করবে- নওশাদ জমির

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র পঞ্চগড়-১ আসনের মনোনীত প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির বলেছেন এবারে নির্বাচন আমাদের প্রধানমন্ত্রীর নির্বাচন। প্রধানমন্ত্রীকে নিয়োগ করার নির্বাচন। আমাদেরকে এমন একজনকে নির্বাচন করতে হবে যে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তাই এবারের একটা ভোট একটা ইতিহাস তৈরি করবে বলে তিনি মন্তব্য করেছেন।
সোমবার (০২ ফেব্রুয়ারী) রাতে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নে নির্বাচনী পথসভায় অংশগ্রহণ করে তিনি ওই মন্তব্য করেন।

নওশাদ জমির বলেন, “তারেক রহমান লন্ডন থেকে এসে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছেন। সেই পরিকল্পনা অনুযায়ী আমরা মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছি। আমরা সরকার নির্বাচিত হওয়ার পরে ২৫ কোটি গাছ রোপনের সিদ্ধান্ত নিয়েছি। যুবকদের বেকারত্ব দূরীকরণে বেশ কিছু পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। অসহায় দরিদ্র ও ছিন্নমূল মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতকরণে আমরা কাজ করে যাব। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে আমরা মানুষের সহায়তা করব। ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এলাকার রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান সহ সার্বিক উন্নয়নে আমরা কাজ করে যাব”।

তিনি বলেন, “এর আগে যেমন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের বাচ্চাদের জন্য অবৈতনিক শিক্ষাব্যবস্থা চালু করেছিল ঠিক তেমনি আমরা এই কার্ডের মাধ্যমে ফ্রি চিকিৎসা প্রদান করতে পারব। এই কার্ডের মাধ্যমে মানুষ তাদের সুচিকিৎসা পাবে। যারা অর্থাভাবে চিকিৎসা করতে পারে না তারা ফ্রিতে চিকিৎসা পাবেন। অর্থাৎ আমরা ‘বিনা চিকিৎসায় মৃত্যু না’ এই স্লোগানকে নিয়ে কাজ করতে চাই। যারা পঞ্চগড়-১ আসনের মানুষ রয়েছেন আমরা চাইবো কেউ যেন অর্থাভাবে বা বিনা চিকিৎসায় মৃত্যুবরণ না করে। এটাকে বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করে যাচ্ছি”।

নওশাদ জমির আরো বলেন, “আমাদের সমাজে যারা বেকার যুবক রয়েছে তাদেরকে কারিগরি এবং ভাষা শিক্ষার মাধ্যমে জনশক্তিতে রুপান্তরিত করব। বেকার সমস্যার সমাধান করার জন্য আমরা চাই আমাদের ছেলেমেয়েরা বিদেশে গিয়ে কাজ করুক। দেশের জন্য রেমিটেন্স যোদ্ধা তৈরি হোক। যদি কেউ কোন দেশের ভাষায় পারদর্শী না হয় তাহলে বিদেশে গিয়ে অনেক বাঁধার সম্মুখীন হয়। পৃথিবীর যেকোনো দেশেই তারা যাক না কেন ভাষাটা যদি জানা থাকে তাহলে কাজ করতে সুবিধা হবে। আর ভাষা যদি না জানা থাকে তাহলে অনেক সমস্যা হয়। তাই আমরা চেষ্টা করব বেকারত্ব দূর করার জন্য প্রত্যেকটা ছেলে মেয়েকে বিদেশি ভাষায় দক্ষ করতে। যারা যে দেশের ভাষা আয়ত্ত করতে পারবে তাকে সেই দেশে পাঠিয়ে দেশ রেমিটেন্স আয় করবে। আমরা চেষ্টা করব পঞ্চগড়-১ আসনের প্রত্যেকটা বাড়ি থেকে একটি করে ছেলে মেয়ে বিদেশে পাঠিয়ে বেকারত্ব দূর করে নিজের এবং সমাজের যেন পরিবর্তন ঘটাতে পারে”।

এসময় তোড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেনের সঞ্চালনায় আটোয়ারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক কমিটির সদস্য সচিব কুদরত-ই-খুদা, সাবেক সদস্য আব্দুর রহমান আব্দার, আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান মানিক, বাবুল হোসেন, সেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ পারভেজ, তোড়িয়া ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক মাহফুজার রহমান মেডেল সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

জিল্লুর হোসেন সরকার, ষ্টাফ রির্পোটার: প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১৫ এম
আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ঐতিহ্যবাহী ‘আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে’ উৎসব ও আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই আয়োজনকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের প্রাণবস্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। সোমবার (০২ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা এবং বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। প্রধান অতিথি উদ্বোধনী বক্তব্যে বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লেখাপড়ার পাশাপাশি এসব কার্যক্রম শিক্ষার্থীদের সৃজনশীল ও শৃঙ্খলাবদ্ধ মানুষ হিসেবে গড়ে তোলে। তাই লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের মেধা বিকাশে জন্য এসব খেলাধূলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুশের সভাপতিত্বে এবং শরীর চর্চা শিক্ষক জরিফ হোসেন চৌধুরী মনি ও সহকারী শিক্ষক তারামহন বর্মনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রেজাউন-নবি-রাজা, উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান ও আটোয়ারী প্রেসক্লাবের সাবেক সভাপতি জিল্লুর হোসেন সরকার, সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু, সাবেক সাধারণ সম্পাদক এ রায়হান চৌধুরী রকি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম প্রমুখসহ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, অবিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিকেলে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শিক্ষার্থীরা নৃত্য, গান, আবৃত্তি ও নাটিকা পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। শিক্ষার্থীদের পরিবেশনায় বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে করতালি ও আনন্দধ্বনিতে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার হিসেবে ক্রেস্ট, মেডেল ও সনদপত্র প্রদান করা হয়। সার্বিকভাবে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এক উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়, যা শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।