আটোয়ারীতে রাস্তার কাজে অনিয়ম: বালুর পরিবর্তে মাটি
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় একটি গ্রামীণ রাস্তা নির্মাণ কাজে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, রাস্তার বেস প্রস্তুতের সময় নির্ধারিত বালুর পরিবর্তে নিম্নমানের মাটি ব্যবহার করা হচ্ছে, যা কাজের গুণগত মানকে প্রশ্নবিদ্ধ করছে।
জানা গেছে, বৃহত্তর দিনাজপুর অঞ্চলের গ্রামীণ অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের ডাঙ্গীরহাট সরকারি কলেজ সংলগ্ন গুরুত্বপূর্ণ সংযোগ সড়কের উন্নয়ন কাজ সম্প্রতি শুরু হয়েছে। যার ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম ‘মোঃ জামিদুল ইসলাম’। আর এই ঠিকাদারি প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী মোঃ জামিদুল ইসলাম। ৪৮০ মিটার পাকা রাস্তা সহ একটি কালভার্টের বরাদ্দ ধরা হয়েছে ৬৬ লক্ষ ১০ হাজার তিনশো একানব্বই টাকা।
সরকারি বরাদ্দে বাস্তবায়নাধীন এই প্রকল্পে নিয়ম অনুযায়ী বালু ব্যবহারের কথা থাকলেও বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার নিচের অংশে বালুর বদলে মাটি ফেলা হচ্ছে। ফলে সামান্য বৃষ্টিতেই রাস্তা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তার বেস প্রস্তুতের সময় স্কেভেটর দিয়ে মাটি খনন করা হয়েছে। তারপর সেখানে বালু দেওয়ার কথা থাকলেও দেওয়া হচ্ছে নিম্নমানের মাটি। মাটি দেওয়ার ফলে বর্ষার সময় রাস্তা ভেঙ্গে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে তারা দাবি করে। তারা অভিযোগ করে বলেন, ঠিকাদার লাভের আশায় বালুর পরিবর্তে নিম্নমানের মাটি ব্যবহার করছেন, আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি দেখেও না দেখার ভান করছে।
এ বিষয়ে ঠিকাদার জামিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, কাজ নির্ধারিত নিয়ম মেনেই করা হচ্ছে। আমি বাইরে আছি। আমার দ্বায়িত্বরত ম্যানেজারকে বলা হয়েছে যেন কাজ ভালো করে করা হয়। তারপরও কোথাও সমস্যা থাকলে তা ঠিক করে দেওয়া হবে বলে তিনি জানান।
অন্যদিকে উপজেলা প্রকৌশলী ইন্জিনিয়ার মোঃ ফয়সাল জানান, অভিযোগের বিষয়টি তারা শুনেছেন। সাব-ইন্জিনিয়ার শাহিনুরকে বলা হয়েছে, তিনি সেখান থেকে উপকরণ নিয়ে এসে পরীক্ষার জন্য পাঠাবেন। এছাড়াও দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।
এলাকাবাসীর দাবি, দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং টেকসইভাবে রাস্তার কাজ সম্পন্ন করা হোক, যাতে জনগণের ভোগান্তি কমে।








