মনোনয়ন ফরম সংগ্রহ করলেন পঞ্চগড়-১ আসনের স্বতন্ত্র প্রার্থী লিটন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মোঃ মাজেদুর রহমান লিটন।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে জেলা নির্বাচন অফিসার মঞ্জুরুল হাসানের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে ওই মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মনোনয়ন ফরম কেনার পর মাজেদুর রহমান লিটন সাংবাদিকদের বলেন, “পঞ্চগড়-১ আসন (আটোয়ারী, পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া) এই তিন উপজেলা নিয়ে গঠিত। এই আসনের সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতেই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। রাজনীতির বাইরে থেকেও জনগণের জন্য কাজ করা যায়—এটাই প্রমাণ করতে চাই।”
এ সময় তার সঙ্গে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। মনোনয়ন ফরম সংগ্রহকে ঘিরে জেলা নির্বাচন অফিস এলাকায় উৎসবমুখর পরিবেশ দেখা যায়।
লিটন আরও জানান, নির্বাচিত হলে তিনি এলাকার শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিশেষ গুরুত্ব দেবেন। পাশাপাশি তরুণদের কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড জোরদার করার প্রতিশ্রুতি দেন তিনি।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যেই মনোনয়ন ফরম জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন লিটন। উল্লেখ্য, পঞ্চগড়-১ আসনে এবার দু’টি দলীয় প্রার্থীর সাথে লিটন একাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে আসনটি নিয়ে ভোটারদের মধ্যে আগ্রহ বাড়ছে।








