আটোয়ারীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি প্রতিপালন ও গণভোট আয়োজন সংক্রান্ত কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে
পঞ্চগড়ের আটোয়ারীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন আচরণবিধি প্রতিপালন ও গণভোট আয়োজন সংক্রান্ত একটি কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা কাজী মোঃ সায়েমুজ্জান, পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম।
এছাড়াও জেলা নির্বাচন অফিসার মঞ্জুরুল হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাহমিদুর রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ ইসলাম, আটোয়ারী উপজেলা নির্বাচন অফিসার শাহাজাহান মানিক, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় নির্বাচনকালীন আচরণবিধি, ভোটগ্রহণ প্রক্রিয়া, গণভোটের গুরুত্ব, ভোটারদের অধিকার ও দায়িত্ব, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতকরণে করণীয় বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করেন উপজেলা নির্বাচন অফিসার শাহাজাহান মানিক।
বক্তারা বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
বক্তারা আরও বলেন, নির্বাচন আচরণবিধি মেনে চললে সহিংসতা ও অনিয়ম কমে আসবে এবং ভোটারদের আস্থা বৃদ্ধি পাবে। গণভোট আয়োজনের ক্ষেত্রে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।
কর্মশালা শেষে অংশগ্রহণকারীরা মুক্ত আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে নিজেদের মতামত তুলে ধরেন এবং একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।








