এসএসসি পরীক্ষার্থীদের রেজিষ্ট্রেশনের নামে
এসএসসি’র রেজিষ্ট্রেশনে অতিরিক্ত ফি আদায়ে তিন প্রধান শিক্ষককে শোকজ
পঞ্চগড়ের আটোয়ারীতে চলতি বছরে এসএসসি পরীক্ষার্থীদের রেজিষ্ট্রেশনের নামে নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে ‘ঢাকা সময়ে’ সংবাদ প্রচারের পর তিনটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ নোটিশ প্রদান করা হয়েছে। শোকজ প্রাপ্তরা হলেন, বড়দাপ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র রায়, বলরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেশব রঞ্জন ও বামনকুমার রাখালদেবী হাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আনোয়ার হোসেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) ওই তিন প্রধান শিক্ষককে শোকজ করার বিষয়টি নিশ্চিত করেছেন আটোয়ারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের রেজিষ্ট্রেশন কার্যক্রম চলাকালে নির্ধারিত সরকারি ফি’র অতিরিক্ত অর্থ আদায়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিষয়টি তুলে ধরা হয়েছে। শোকজ নোটিশে উল্লেখ করা হয়, কেন এসএসসি রেজিষ্ট্রেশনের ক্ষেত্রে অতিরিক্ত ফি আদায় করা হয়েছে এবং কেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না—তা আগামী ৭ কর্মদিবসের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
আটোয়ারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান জানান, শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ আদায় সম্পূর্ণভাবে বেআইনি ও নীতিবিরোধী। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং সন্তোষজনক জবাব না পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে অভিভাবক ও শিক্ষার্থীরা দ্রুত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।








