মোবাইল উদ্ধার করে প্রশংসায় ভাসছে আটোয়ারী থানা পুলিশ
পঞ্চগড়ের আটোয়ারীতে হারিয়ে যাওয়া একটি এন্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে আটোয়ারী থানা পুলিশ।
রোববার (১৮ জানুয়ারি) সকাল ১০ টায় থানায় উদ্ধারকৃত ফোনটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান।
থানা সূত্রে জানা যায়, উপজেলার রাধানগর ইউনিয়ন মকবুল হোসেন গত ২১ ডিসেম্বর তার ব্যবহৃত অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি হারিয়ে ফেলেন। পরে তিনি আটোয়ারী থানায় এসে বিষয়টি জানিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ফোনটি উদ্ধারে অভিযান শুরু করো।
পরে পঞ্চগড় জেলা পুলিশ সুপার মোঃ রবিউল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় এবং আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমানের তত্বাবধানে এসআই ফরহাদ হোসেন সহ পুলিশের একটি চৌকস টিম মোবাইলের আইএমইআই নম্বর ট্র্যাকিংয়ের মাধ্যমে মোবাইলটির অবস্থান শনাক্ত করে এবং সফলভাবে তা উদ্ধার করতে সক্ষম হয়। পরে থানায় ডেকে এনে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মোবাইলটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।
মোবাইল ফোন ফিরে পেয়ে মালিক আটোয়ারী থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পুলিশের এমন মানবিক ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন।
এ বিষয়ে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান জানায়, জনগণের জান-মাল রক্ষার পাশাপাশি হারানো জিনিসপত্র উদ্ধারে পুলিশ সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের সেবা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আটোয়ারী থানা পুলিশের সর্বাত্তক চেষ্টা অব্যাহত বলে তিনি নিশ্চিত করেন।








