আহসান মঞ্জিল জাদুঘরে পরিচ্ছন্নতা অভিযান বাংলাদেশ জাতীয় জাদুঘর ও বিডি ক্লিনের সম্মিলিত উদ্যোগে সচেতনতার বার্তা
“পরিচ্ছন্ন জাদুঘর হোক আমাদের অঙ্গিকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আহসান মঞ্জিল জাদুঘর ও তার আশপাশ এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ জাতীয় জাদুঘর, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে। এ মহতী উদ্যোগে সহযোগী সংগঠন হিসেবে অংশগ্রহণ করে পরিচ্ছন্নতা ও সচেতনতার অগ্রদূত সংগঠন বিডি ক্লিন।
জাদুঘর শুধু অতীতের স্মারক নয়, এটি একটি জাতির ইতিহাস, সংস্কৃতি ও শিল্পের জীবন্ত গৌরব। এটি স্মৃতি সংরক্ষণ করে, সংস্কৃতি বহন করে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য তথ্য ও শিক্ষার বাতিঘর হিসেবে কাজ করে। সেই ভাবনা থেকেই আহসান মঞ্জিল জাদুঘর এবং তার পারিপার্শ্বিক এলাকাকে পরিচ্ছন্ন রাখতে নেওয়া হয় এ উদ্যোগ।
অনুষ্ঠানের প্রধান অতিথি
জনাব মোঃ সাদেকুল ইসলাম,
সচিব (উপসচিব), বাংলাদেশ জাতীয় জাদুঘর।
সভাপতি
জনাব মোঃ সুলতান মাহমুদ,
কীপার (রু.দা.), আহসান মঞ্জিল জাদুঘর।
পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে
জনাব দীবাকর সিকদার,
উপকীপার, আহসান মঞ্জিল জাদুঘর।
অনুষ্ঠানে বক্তারা জাদুঘরের গুরুত্ব এবং পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তা তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ সাদেকুল ইসলাম বলেন,
“জাদুঘর শুধু একটি স্থাপনা নয়, এটি জাতির গৌরবের স্মারক। এটির পরিচ্ছন্নতা ও সুরক্ষা আমাদের সকলের দায়িত্ব।”
পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের কর্মকর্তা-কর্মচারী, বিডি ক্লিনের স্বেচ্ছাসেবকগণ এবং স্থানীয় সচেতন নাগরিকবৃন্দ। কার্যক্রমের মধ্যে ছিল জাদুঘরের চত্বর এবং আশপাশের এলাকা থেকে প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য অপসারণ, পথচারীদের মাঝে সচেতনতা বার্তা প্রচার এবং পরিচ্ছন্নতা সম্পর্কে উদ্বুদ্ধকরণ।
এই উদ্যোগের মাধ্যমে শুধু একটি এলাকা পরিচ্ছন্ন করা হয়নি, বরং পরিচ্ছন্নতা নিয়ে নাগরিকদের মাঝে সচেতনতা সৃষ্টি করা হয়েছে, যা দীর্ঘমেয়াদে একটি পরিচ্ছন্ন ও সুস্থ সমাজ গঠনে সহায়ক হবে।











