আটোয়ারীতে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত
পঞ্চগড়ের আটোয়ারী সীমান্ত এলাকায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১ টায় বিজিবি গিরাগাঁও বিওপির আহবানে উপজেলার ধামোর ইউনিয়নের রমজান পাড়া গ্রামের নিকটবর্তী সীমান্ত মেইন পিলার ৪১১/১ এস এর কাছে ওই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় বিজিবি গিরাগাঁও বিওপির পক্ষে নেতৃত্ব দেন সুবেদার মোঃ ইসমাইল হোসেন এব ১৭ বিএসএফ ব্যাটালিয়নের চাকলাগছ কোম্পানী সদরের পক্ষে নেতৃত্ব দেন ইনস্পেকটর সন্তোষ সিংহ। সাক্ষাতে উভয় বাহিনীর কোম্পানি কমান্ডারসহ ৫ জন করে মোট ১০ জন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সৌজন্য সাক্ষাৎকালে সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অবৈধ অনুপ্রবেশ রোধ, চোরাচালান প্রতিরোধ, সীমান্ত এলাকায় বসবাসরত সাধারণ জনগণের নিরাপত্তা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। এছাড়া ভবিষ্যতে সীমান্ত ব্যবস্থাপনা আরও জোরদার করতে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং উভয় পক্ষই সীমান্ত এলাকায় শান্তিপূর্ণ সহাবস্থান ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এ ধরনের সৌজন্য সাক্ষাৎ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।








