তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালিত হয়েছে। বৈষম্যহীন ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আন্দোলনে জীবন উৎসর্গকারী বীর শহীদদের স্মরণ এবং আহতদের সম্মান জানাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে উপস্থিত সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
এরপর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে সরবরাহকৃত জুলাই আন্দোলনের ঐতিহাসিক ঘটনাবলির ওপর নির্মিত চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র বড় পর্দায় প্রদর্শন করা হয়। প্রদর্শনী শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এস. এম. আকাশ, উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক, উপজেলা বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন রঞ্জু, সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহিন, জিয়া পরিষদের সভাপতি এম. এ. জব্বার, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তেঁতুলিয়া উপজেলা কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব আবু সাইদার রহমান, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ লাইছুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের উত্তাল দিনগুলোর প্রত্যক্ষ অভিজ্ঞতা, ত্যাগ ও সংগ্রামের স্মৃতিচারণ করেন।
তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশের পথচলায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। শহীদদের আত্মত্যাগ এবং আহতদের অবদানকে শ্রদ্ধার সঙ্গে ধারণ করে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।





