আটোয়ারীতে ৬ হাজার ফুট কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ফেলা হলো আগুনে
পঞ্চগড়ের আটোয়ারীতে দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় পরিচালিত বিশেষ অভিযানে প্রায় ৬ হাজার ফুট নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জালগুলো আগুনে পড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বুধবার (১৮ জুন) দুপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে উপজেলার ফকিরগঞ্জ বাজারে দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় আটোয়ারীর ফকিরগঞ্জ বাজারে বিক্রি করতে আসা বিভিন্ন কারেন্ট জাল ব্যবসায়ীদের কাছ থেকে ৪ হাজার হাত বা ৬ হাজার ফুট জাল জব্দ করা হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ২২ হাজার টাকা। অভিযান শেষে জব্দকৃত কারেন্ট জাল উপজেলা পরিষদের ভিতরে নিরাপদ স্থানে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা (অ:দা:) মোঃ মোস্তাফিজুর রহমান জানান, উপজেলা প্রশাসনসহ আটোয়ারী থানার পুলিশের সহযোগিতায় ওই অভিযান পরিচালনা করা হয়। সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে এক শ্রেণির অসাধু জাল ব্যবসায়ী নিষিদ্ধ কারেন্ট জাল বিভিন্ন হাট-বাজারে বিক্রি করছে। আর এসব কারেন্ট জাল ক্রয় করে মানুষ মাছ শিকার করে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে উপজেলার ফকিরগঞ্জ বাজার থেকে ৬ হাজার ফুট কারেন্ট জাল জব্দ করা হয়। তবে অভিযানের খবর পেয়ে কিছু ব্যবসায়ী পালিয়ে যাওয়ায় তাদের কাছ থেকে কারেন্ট জাল জব্দ করা সম্ভব হয়নি। জব্দকৃত জাল পরে পরিবেশ ও দেশীয় মাছের স্বার্থে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
তিনি আরো বলেন, কারেন্ট জালের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের জাল ব্যবহারের ফলে ছোট মাছ, রেণু ও ডিমওয়ালা মাছ নির্বিচারে নিধন হয়, যা দেশের মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি। তাই মৎস্য সম্পদ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
স্থানীয় সচেতন মহল এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার বন্ধ করা গেলে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং নদী-নালা ও জলাশয়ের জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।





