আটোয়ারীতে ৭ লক্ষাধিক জাল টাকা সহ আটক-৭
পঞ্চগড়ের আটোয়ারীতে বিশেষ অভিযানে প্রায় ৭ লক্ষাধিক টাকার জাল নোটসহ সাতজনকে আটক করেছে আটোয়ারী থানা পুলিশ।
শুক্রবার (১৯ জুন) সন্ধায় তাদের বিরুদ্ধে আটোয়ারী থানায় একটি মামলা রুজু করে পঞ্চগড় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান।
থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকালে আটোয়ারী উপজেলার ফকিরগঞ্জ বাজারে জাল টাকা দিয়ে দোকানে বাজার করার সময় দোকানদার সহ বাজারে আসা লোকজন এক ব্যাক্তিকে আটক করে। পরে আটোয়ারী থানা পুলিশকে খবর দিলে ওই ব্যাক্তিকে থানা হেফাজতে নিয়ে আসা হয়। জানা যায়, আটককৃত ওই ব্যাক্তির নাম মোফাসেল হোসেন চঞ্চল (৩৩)। সে কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার যোসুদল ইউনিয়নের বাগপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
পরে তার দেওয়া তথ্য মতে পার্শ্ববর্তী ঠাকুরগাঁও জেলা সদরের প্রাইম হোটেল এবং নিউ হোটেল সালাম এন্টারপ্রাইজ থেকে ওই চক্রের আরো ৬ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭ লক্ষ ১৮ হাজার পাঁচশো টাকার জাল এবং ১ লক্ষ ১৮ হাজার পাঁচশো টাকার অর্জিনাল নোট উদ্ধার করা হয়।
বাকী আটককৃত হলেন, মাদারীপুরের শিবচর উপজেলার ডাইয়ার চর গ্রামের মৃত ইউনুস শেখ ওরফে রাজ্জাক শেখের ছেলে ইমরান শেখ ওরফে ইউসুফ (৪৮), ফরিদপুরের ভাংগা উপজেলার চন্দ্রাবাজার সিংগারডাক গ্রামের নুরুল আমিন খানের ছেলে সোহেল খান (২৮), ঢাকার কেরানীগঞ্জের পূর্ব মুগারচর এলাকার মৃত আলী আকবরের ছেলে রুহুল আমীন ওরফে আকতার (৫২), বাগেরহাটের রামপাল উপজেলার কাশিপুর গ্রামের মাহমুদুল হকের ছেলে শেখ নাসিম (২৮), কুমিল্লার দেবিদ্বার উপজেলার মরিচা গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে ইসমাইল হোসেন (৩২) এবং বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল গ্রামের আউয়াল হোসেনের ছেলে আরিফ হোসেন ওরফে হাওয়ালদার (৪০)।
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান জানান, প্রথমে মোফাসেল হোসেন চঞ্চলকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পঞ্চগড় জেলা পুলিশ সুপার মোঃ আবু সাইম এর সার্বিক দিকনির্দেশনায় এবং ওসির তত্বাবধানে সঙ্গীয় একটি চৌকস পুলিশ ফোর্স নিয়ে ঠাকুরগাঁও সদরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ঠাকুরগাঁও জেলা সদরের প্রাইম হোটেল এবং নিউ হোটেল সালাম এন্টারপ্রাইজ থেকে ওই চক্রের আরো ৬ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭ লক্ষ ১৮ হাজার পাঁচশো টাকার জাল এবং ১ লক্ষ ১৮ হাজার পাঁচশো টাকার অর্জিনাল নোট উদ্ধার করা হয়।
তিনি আরও জানায়, আটক সাতজনের বিরুদ্ধে জাল নোট সংরক্ষণ, পরিবহন ও বাজারজাতকরণের অভিযোগে সংশ্লিষ্ট আইনে আটোয়ারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে পঞ্চগড় বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।








