আটোয়ারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা, দোয়া ও র্যালি
পঞ্চগড়ের আটোয়ারীতে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বর্ণাঢ্য র্যালি করেছে উপজেলা বিএনপি।
রোববার (৮ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান মানিক, মোঃ বাবুল হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, সাবেক আহবায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন, সেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ পারভেজ, তোড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন সহ দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
র্যালি শেষে দলীয় কার্যালয়ে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, জাতীয় জীবনে এ দিবসের গুরুত্ব এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জাতীয় ঐক্য ও সংহতির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিনটি জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনাকে ধারণ করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান ও ঐতিহাসিক ঘটনাপ্রবাহ স্মরণ করে তাঁরা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষা, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং বিএনপির চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ দলের নেতাকর্মীদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





