আটোয়ারীতে ফেক আইডিতে রাজনৈতিক নেতা ও পরিবারের বিরুদ্ধে অশ্লীল মন্তব্য, ঢাকায় গ্রেপ্তার ১
পঞ্চগড়ের আটোয়ারীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে এক রাজনৈতিক নেতা ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য এবং পোস্ট দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় ঢাকার মিরপুর থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে আটোয়ারী থানা পুলিশ।
গ্রেপ্তার আব্দুর রাজ্জাক (৩৬) উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত মফিজুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ঢাকার গাজীপুর এলাকায় বসবাস করতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আটোয়ারী উপজেলা কৃষক দলের সদস্য সচিব ও গোবিন্দপুর গ্রামের বাসিন্দা মো. মকসেদ আলী এবং তাঁর পরিবারের সদস্যদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি ভুয়া ফেসবুক আইডি থেকে বিভিন্ন ধরনের অশ্লীল ও কুরুচিপূর্ণ পোস্ট এবং মন্তব্য ছড়ানো হচ্ছিল। এসব পোস্টের কারণে মকসেদ আলী ও তাঁর পরিবার সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন এবং মানহানির শিকার হন বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী মকসেদ আলী বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে আটোয়ারী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারে তৎপরতা শুরু করে পুলিশ। আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমানের দিকনির্দেশনায় ও ওসি (তদন্ত) মো. ফারুকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে।
এরই ধারাবাহিকতায় গত ৩ নভেম্বর দিবাগত রাতে ঢাকার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান অভিযুক্ত আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান বলেন, “সাইবার অপরাধ ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহারের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার মিরপুর থেকে অভিযুক্ত আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়েছে।”
তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার আসামিকে পঞ্চগড়ের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয়ে অপপ্রচার ও ব্যক্তিগতভাবে হেনস্তার অভিযোগের ঘটনায় পুলিশের এ অভিযান স্থানীয়ভাবে আলোচনার সৃষ্টি করেছে।





