নিষিদ্ধ জালের বিরুদ্ধে পুলিশের কঠোর অভিযান: জিয়ানগরে উদ্ধার ৮ চায়না দুয়ারি জাল
নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। এরই ধারাবাহিকতায় পিরোজপুরের জিয়ানগরে অভিযান চালিয়ে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল উদ্ধার করেছে ইন্দুরকানী থানা পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পত্তাশী ইউনিয়নের চরনী পত্তাশী গ্রামের একটি বিল থেকে এসব জাল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খানের নির্দেশনায় এসআই সঞ্জীব ঢালী, এসআই মোহাম্মদ শাহিনুর রহমান ও কনস্টেবল মামুন এ অভিযান পরিচালনা করেন। নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ এবং দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় পুলিশের এমন তৎপরতাকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দারা বলেন, চায়না দুয়ারি জালে নির্বিচারে মাছের পোনা ও ছোট মাছসহ বিভিন্ন জলজ প্রাণী ধরা পড়ে। এতে ধীরে ধীরে দেশীয় মাছের প্রজনন কমে যাচ্ছে। পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকলে নিষিদ্ধ জালের ব্যবহার অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে তারা মনে করেন।
তারা আরও বলেন, এলাকায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে পুলিশের অভিযান হওয়ায় সাধারণ মানুষ স্বস্তি পেয়েছেন। জনস্বার্থে পুলিশের এ ধরনের তৎপরতা আরও জোরদার করা প্রয়োজন।
পুলিশ জানায়, চায়না দুয়ারি জাল দীর্ঘদিন ধরে নিষিদ্ধ। এসব জালের কারণে দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই সরকারের নির্দেশনা অনুযায়ী নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
ইন্দুরকানী থানার ওসি মো. মহব্বত খান বলেন, “সারা বাংলাদেশে নিষিদ্ধ এই জালের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় জিয়ানগরেও অভিযান চলমান রয়েছে। নিষিদ্ধ এ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”
তিনি জানান, উদ্ধার হওয়া জালের বিষয়ে আইনি প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।





