আটোয়ারীতে হেরোইনসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, প্রাইভেটকার জব্দ
পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি সাদা রংয়ের প্রাইভেটকার ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের ইমামপাড়া ব্রিজের ওপর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, রাধানগর ইউনিয়নের আইনুল হকের ছেলে খালিদ হাসান নয়ন (৩২), একই এলাকার গোপাল চন্দ্র রায়ের ছেলে চন্দন কুমার ওরফে দুলাল (৩৭) এবং মোস্তফা কামালের ছেলে মোঃ সবুজ (২৯)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় জেলা পুলিশ সুপার মোঃ আবু সাইমের সার্বিক দিকনির্দেশনায় এবং আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমানের তত্ত্বাবধানে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে আটোয়ারী থানার ওসি (তদন্ত) মোঃ ফারুকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টহল টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় আটোয়ারী থেকে বোদা উপজেলা গামী একটি প্রাইভেটকারকে রাধানগর ইউনিয়নের ইমামপাড়া ব্রিজের ওপর তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রাইভেটকারে থাকা তিন ব্যক্তিকে আটক করে তাদের দেহ ও গাড়িতে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে তাদের কাছ থেকে ১৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে মাদক পরিবহনে ব্যবহৃত ‘ঢাকা মেট্রো-গ ৩২৩০২৭’ এর একটি সাদা রংয়ের প্রাইভেটকার এবং তাদের ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধার করা মাদক, প্রাইভেটকার ও মোবাইল ফোনসহ গ্রেফতার তিনজনকে আটোয়ারী থানায় নিয়ে যায় পুলিশ।
পুলিশের প্রাথমিকভাবে ধারণা, গ্রেফতার ব্যক্তিরা মাদকদ্রব্য পরিবহন ও সরবরাহের সঙ্গে জড়িত। উদ্ধার হওয়া হেরোইন কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং কোথায় সরবরাহের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় গ্রেফতার তিনজনের বিরুদ্ধে ২০১৮ সালেরর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)এর ৭(খ)/৮(খ)/৪১ অনুযায়ী আটোয়ারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে মাদক কারবারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত করা হচ্ছে।
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান জানিয়েছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আটোয়ারী থানায় মাদক বিরোধী আইনে মামলা দায়ের করে শুক্রবার সকাল বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদকদ্রব্যের কেনাবেচা, পরিবহন ও সরবরাহের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।





