গ্রামের সাধারণ পরিবেশে বেড়ে ওঠা এক মেধাবী সন্তানের দীর্ঘ শিক্ষাযাত্রা, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের বড় প্রাপ্তি হিসেবে তিনি আজ একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে অধিষ্ঠিত। নব-গঠিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. মোঃ ইস্রাফীল শাহীন।
দীর্ঘ শিক্ষাজীবন, গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতার কারণে তাঁকে বিশ্ববিদ্যালয়টির জন্য একজন যোগ্য নেতৃত্ব হিসেবে বিবেচনা করেছেন শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। অতি সম্প্রতি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনিক পদে নিয়োগ পাওয়ায় নিজ এলাকা পঞ্চগড়ের আটোয়ারীবাসী তথা শিক্ষাঙ্গনে আনন্দের আবহ বিরাজ করছে। শৈশব থেকেই মেধাবী ও অধ্যয়নমনস্ক ছিলেন প্রফেসর ড. মোঃ ইস্রাফীল শাহীন।
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬৪ খ্রিস্টাব্দের ৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন তিনি। তিনি তোড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম ইব্রাহিম মিঞা (মিঠু চেয়ারম্যান খ্যাত) এর পুত্র। এছাড়াও বাংলাদেশ চিত্র জগতের প্রথম ‘রোমান্টিক হিরো’ বা ‘বাংলাদেশের উত্তম কুমার’ খ্যাত প্রয়াত অভিনেতা আব্দুর রহমানের দৌহিত্র ছিলেন প্রফেসর ড. মোঃ ইস্রাফীল শাহীন। গ্রামের পরিবেশে জন্মগ্রহণ করেও শিক্ষার প্রতি প্রবল আগ্রহ ও আত্মবিশ্বাসকে পুঁজি করে তিনি এগিয়ে গেছেন ধাপে ধাপে। প্রতিটি ধাপেই রেখেছেন কৃতিত্বের সাথে সফলতার ছোঁয়া।
নানার বাড়িতে থাকাবস্থায় উপজেলার রসেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩য় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে ১৯৭৩ সালে ৪র্থ শ্রেণিতে ভর্তি হন ঠাকুরগাঁও জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ৫ম শ্রেণি পাস করে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হন ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে। সেখান থেকে ১৯৮০ সালে মাধ্যমিক এবং ১৯৮২ সালে রাজশাহী সরকারি কলেজ থেকে কৃতিত্বের সাথে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। পরে ১৯৮২-৮৩ শিক্ষবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। শুরু হয় তার শিক্ষাজীবনের এক অনন্য ও সম্ভাবনাময় স্বপ্ন পূরণের দীর্ঘ অধ্যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে ১৯৮৮ সালে স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৯১ সালে তিনি ভারতের নয়াদিল্লির সুনামধন্য ন্যাশনাল স্কুল অফ ড্রামা (এনএসডি) থেকে নাট্য পরিচালনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি ১৯৯৯ সালে কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে পারফরম্যান্স স্টাডিজে পিএইচডি ডিগ্রি লাভ করেন। পিএইচডি সম্পন্ন করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগে যোগদান করেন।
গত বৃহস্পতিবার (০৭ মে) ড. মোঃ ইস্রাফীলকে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেন শিক্ষা মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ^বিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩-এর ১০(১) ধারা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের অধ্যাপক মোঃ ইস্রাফীলকে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হলো। প্রজ্ঞাপনে আরও বলা হয়, উপাচার্য হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর হবে অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে যা আগে ঘটে সেই সময় পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকবেন।
এবিষয়ে ঠাকুরগাও বিশ্ববিদ্যালয়ের প্রথম উপচার্য ড. মোঃ ইস্রাফীল বলেন, শিক্ষা মন্ত্রনারয়ের প্রজ্ঞাপনের পর তিনি গত বৃহস্পতিবার (৭ মে) যোগদান করেই লিয়াজোঁ অফিসরুম চালু সহ এতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের যাবতীয় প্রাথমিক কর্মকান্ড আন্তরিকতার সহিত শুরু করেছেন। তিনি আশা করছেন, চলতি সেশন অর্থাৎ ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে কয়েকটি বিষয়ে শিক্ষাকার্যক্রম চালু করার জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
বিষয়গুলো হলো- (১) জলবায়ু বিজ্ঞান ও ডেটা সিস্টেম বিভাগ, (২) অ্যাগ্রিটেক ও টেকসই খাদ্য ব্যবস্থা বিভাগ (৩) পারফর্মিং আর্টস, ক্রিয়েটিভ টেকনোলজি ও গ্লোবাল স্টাডিজ বিভাগ (৪) ডিজিটাল অর্থনীতি ও উদ্যোক্তা উন্নয়ন বিভাগ এবং (৫) টেকসই অর্থায়ন ও উন্নয়ন অর্থনীতি বিভাগ। নব- গঠিত ঠাকুরগাও বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম দ্রুত বাস্তবায়নে তিনি ইতোমধ্যে মন্ত্রী মহোদয়ের সাথে যোগাযোগ করেছেন বলেও জানান।
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের যাবতীয় কর্মকান্ড পূর্ণাঙ্গ সম্পন্নের জন্য জমি অধিগ্রহণ সম্পন্ন করতঃ স্থায়ী ক্যাম্পাস দ্রুত চালু করা অপরিহার্য্য।
উল্লেখ, গ্রামের ছেলে ড. মোঃ ইস্রাফীল নব-গঠিত ঠাকুরগাও বিশ্ববিদ্যালয়ের প্রথম উপচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় তোড়িয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আলহাজ্ব মোঃ কুদরত-ই-খুদা, বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ শাহ্, উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, এ্যাড. মোঃ আনিছুর রহমান, আটোয়ারী প্রেসক্লাব, আটোয়ারী উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দসহ আটোয়ারী উপজেলাবাসী তাঁকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন, সেসাথে তাকে উপচার্য হিসেবে নিয়োগ প্রদান করায় বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।