মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায়ী সংবর্ধনা
দীর্ঘ কর্মজীবনের অবসান শেষে আবেগঘন পরিবেশে বিদায় নিলেন পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাধুরাম পাল।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকালে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বিদ্যালয় মাঠে তাঁর অবসরজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় বিদ্যালয়ের সভাপতি তারেক ইবনে হায়াতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মির্জা নুরুল ইসলাম হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ অফিসার ডা. মোঃ হুমায়ুন কবির, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান, ওই প্রতিষ্ঠান সাবেক সভাপতি মির্জা আলীউর রেজা, মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র চট্টোপাধ্যায়, ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোমিনুল রাশেদ, গোপালজোত সপ্রাবি এর প্রধান শিক্ষক রফিকুল ইসলাম হেলাল এবং ফকিরগঞ্জ মডেল সপ্রাবি এর সিনিয়র সহকারী শিক্ষক বাহারাম সিদ্দিকী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের প্রিয় শিক্ষককে ফুলেল শুভেচ্ছা, ভালোবাসা ও শ্রদ্ধায় বিদায় জানান। দীর্ঘদিনের শিক্ষকতার জীবনে শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেওয়ায় তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সাবেক শিক্ষার্থীরা।
বিদায়ী সংবর্ধনায় বক্তারা বলেন, একজন শিক্ষক কখনোই শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেন না। তিনি শিক্ষার্থীদের জীবনের পথচলার অন্যতম দিকনির্দেশক। মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাধুরাম পাল দীর্ঘ চাকরিজীবনে অসংখ্য শিক্ষার্থীকে শিক্ষা দিয়েছেন। তাঁর হাতে গড়ে ওঠা অনেক শিক্ষার্থী আজ সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। অবসর গ্রহণের মধ্য দিয়ে তাঁর প্রাতিষ্ঠানিক দায়িত্বের সমাপ্তি হলেও শিক্ষার্থীদের হৃদয়ে তাঁর অবস্থান কখনো শেষ হবে না।
প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, শৈশবে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাওয়া শিক্ষকের স্নেহ, শাসন ও মূল্যবান পরামর্শ আজও তাঁদের স্মৃতিতে অম্লান। কর্মজীবনের শেষ সময়ে এসে প্রাক্তন শিক্ষার্থীদের ভালোবাসায় এমন বিদায় পাওয়া একজন শিক্ষকের জন্য নিঃসন্দেহে গর্ব ও আনন্দের। তাঁদের কাছে এই বিদায় শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং প্রিয় শিক্ষকের প্রতি দীর্ঘদিনের শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ।
অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষক সাধুরাম পাল আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবনের নানা স্মৃতি তুলে ধরে প্রাক্তন শিক্ষার্থী, সহকর্মী ও বিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে এবং দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রাক্তন শিক্ষার্থীদের এমন ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে প্রধান শিক্ষক সাধুরাম পালের বিদায় অনুষ্ঠানটি পরিণত হয় আবেগ ও স্মৃতির এক মিলনমেলায়। চাকরি জীবনের শেষ প্রান্তে এসে প্রাক্তন শিক্ষার্থীদের ভালোবাসা ও শ্রদ্ধায় পাওয়া এই বিদায় তাঁর জীবনের স্মৃতির পাতায় যেমন বিশেষ হয়ে থাকবে, তেমনি মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের কাছেও দিনটি অম্লান হয়ে থাকবে।





