উন্নয়নের প্রত্যাশায় মোল্লা কান্দি ইউনিয়ন, জনদুর্ভোগ কমাতে কাজ করতে মরিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিকুল
মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলা মোল্লাকান্দি ইউনিয়নের এলাকার মানুষের জীবনমান উন্নয়ন, যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন এবং নাগরিক সেবা সহজ করতে কাজ করে যাচ্ছেন মোল্লা কান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শফিকুল। দায়িত্ব নেওয়ার পর থেকেই ইউনিয়নের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
মোল্লা কান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায় রাস্তা, ড্রেনেজ, পানি নিষ্কাশন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জনসেবার নানা বিষয়ে মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা রয়েছে। বিশেষ করে ইউনিয়ন ভবন জরাজীর্ণ অবস্থা বর্ষা মৌসুমে জলাবদ্ধতা, যোগাযোগের দুরবস্থা এবং প্রয়োজনীয় নাগরিক সেবা পেতে ভোগান্তির বিষয়গুলো স্থানীয়দের আলোচনায় উঠে আসে।
স্থানীয়দের প্রত্যাশা—শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সাধারণ মানুষের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে ইউনিয়ন পরিষদের সেবা আরও কার্যকর করা হোক। একই সঙ্গে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, বয়স্ক ও প্রতিবন্ধীদের সেবা সহজ করা এবং তরুণদের জন্য ইতিবাচক পরিবেশ তৈরির বিষয়েও গুরুত্ব দেওয়ার দাবি রয়েছে।ভারপ্রাপ্ত
চেয়ারম্যান মোঃ শফিকুল বলেন, মোল্লা কান্দি ইউনিয়নকে একটি পরিকল্পিত, জনবান্ধব ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করতে চান। মানুষের সমস্যা শুনে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়া এবং সরকারি উন্নয়ন প্রকল্পের সুফল প্রত্যন্ত এলাকার মানুষের কাছে পৌঁছে দেওয়াই তার লক্ষ্য বলে জানান তিনি।
তবে স্থানীয়দের মতে, উন্নয়নের এই প্রত্যাশাকে বাস্তবে রূপ দিতে হলে প্রয়োজন পরিকল্পিত প্রকল্প গ্রহণ, কাজের মান নিশ্চিতকরণ, নিয়মিত তদারকি এবং জনগণের কাছে জবাবদিহিতা। এতে উন্নয়ন কার্যক্রম শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ না থেকে মানুষের দৈনন্দিন জীবনে দৃশ্যমান পরিবর্তন আনবে।
মোল্লা কান্দির সাধারণ মানুষের প্রত্যাশা এখন একটাই—উন্নয়ন হোক মানুষের জন্য, সিদ্ধান্ত হোক মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে এবং ইউনিয়ন পরিষদের প্রতিটি সেবা পৌঁছে যাক মানুষের দোরগোড়ায়।





