পঞ্চগড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে ‘দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
oplus_0
বস্তুনিষ্ঠ ও স্বাধীন সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে চতুর্থ বছর পেরিয়ে পঞ্চম বর্ষে পদার্পণ করেছে জাতীয় দৈনিক কালবেলা। এ উপলক্ষে পঞ্চগড়ে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু এবং পরিবেশ আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম খায়ের।
দৈনিক কালবেলার পঞ্চগড় জেলা প্রতিনিধি মাজেদুল ইসলাম আকাশ ও এখন টেলিভিশনের পঞ্চগড় প্রতিনিধি লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে অতিথিরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। পরে পঞ্চগড় প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ বলেন, “দৈনিক কালবেলা অল্প সময়ের মধ্যেই বাংলাদেশের মানুষের প্রিয় পত্রিকা হিসেবে আবির্ভূত হয়েছে। দলমতের ঊর্ধ্বে উঠে অপ্রিয় সত্য তুলে ধরার মাধ্যমে পত্রিকাটি মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।”
তিনি প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে কালবেলার সম্পাদক, প্রকাশক, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানান। পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও আপসহীন সাংবাদিকতার ধারা অব্যাহত রেখে দেশের উন্নয়ন, সম্ভাবনা ও সাধারণ মানুষের কথা তুলে ধরতে পত্রিকাটি ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ বলেন, “কালবেলা পত্রিকা অনলাইন, প্রিন্ট ও ডিজিটাল মাধ্যমে অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছে। আমি ব্যক্তিগতভাবে দেশের বিভিন্ন খবর সবার আগে কালবেলার মাধ্যমে জানতে পারি।”
জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম প্রধান বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের কারণে কালবেলা পাঠকনন্দিত হয়েছে এবং দেশ-বিদেশে পরিচিতি অর্জন করেছে। পত্রিকাটির জনপ্রিয়তার এই ধারাবাহিকতা আগামীতেও বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার তাপস এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফসান জাপান।
সাংবাদিক সমাজের পক্ষে উপস্থিত ছিলেন পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক সরকার হায়দার। এ ছাড়া চেম্বার অব কমার্সের পরিচালক রিয়েল প্রধান, জ্যেষ্ঠ সাংবাদিক শহিদুল ইসলাম ও আমির খসরু লাভলুসহ পঞ্চগড় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা অনুষ্ঠানে অংশ নেন।
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শেষে অতিথিরা দৈনিক কালবেলার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।





