আটোয়ারীতে নকল সোনা বিক্রির চেষ্টা, আটক দুই নারী
পঞ্চগড়ের আটোয়ারীতে স্বর্ণের দোকানে আসল সোনার চেইনের পরিবর্তে নকল চেইন দিয়ে প্রতারণার অভিযোগে দুই নারীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আসল স্বর্ণের চেইনটি উদ্ধার করা হয়েছে।
আটক নারীরা হলেন, রংপুর জেলার পীরগঞ্জ থানার লাল মিঠিপুর গ্রামের লাল মিয়ার মেয়ে নাসিমা বেগম (৪১) এবং একই এলাকার সাইদুর রহমানের স্ত্রী শাহানারা বেগম (৫০)। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আটোয়ারী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের পঞ্চগড়ের বিজ্ঞ আদালতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর দুপুরে আটোয়ারী উপজেলার ফকিরগঞ্জ বাজারের মামনি জুয়েলার্সে ওই দুই নারী একটি স্বর্ণের চেইন বিক্রি করতে যান। এ সময় দোকানের মালিক নিপেন চন্দ্র ঘোষ চেইনটি পরীক্ষা-নিরীক্ষা ও ওজন করে এর মূল্য প্রায় দেড় লাখ টাকা নির্ধারণ করেন।
পরে দোকান মালিক টাকা দেওয়ার জন্য ড্রয়ার থেকে টাকা বের করতে গেলে কৌশলে ওই দুই নারী আসল স্বর্ণের চেইনটি সরিয়ে ফেলেন। এর পরিবর্তে দোকান মালিকের হাতে একটি নকল (ইমিটেশন) চেইন ধরিয়ে দেন। বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিক আটোয়ারী থানা পুলিশকে খবর দেন দোকান মালিক।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই নারীকে জিজ্ঞাসাবাদ করে। পরে নারী পুলিশ সদস্যদের সহায়তায় তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে আসল স্বর্ণের চেইনটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, আটক দুই নারী একটি প্রতারক চক্রের সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্বর্ণের দোকানে গিয়ে একই কৌশলে প্রতারণা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিয়ার রহমান জানান, স্বর্ণের দোকান মালিকের ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পরে ওই দুই নারীকে আটক করে থানায় নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আটোয়ারী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।





