মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

নিজের ক্রয়কৃত জমি হারানোর আশঙ্কায় দরিদ্র কৃষক, জমিতে বাঁশের বেড়া

সালাম মুর্শেদী, (পঞ্চগড়) প্রতিনিধিঃ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৯:২৭ এম
নিজের ক্রয়কৃত জমি হারানোর আশঙ্কায় দরিদ্র কৃষক, জমিতে বাঁশের বেড়া

নিজের কষ্টার্জিত অর্থে কেনা জমি হারানোর আশঙ্কায় চরম দুশ্চিন্তা ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন দরিদ্র কৃষক গিরিক বর্মন। জমির মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে শেষ পর্যন্ত নিজের ক্রয়কৃত জমির চারপাশে বাঁশের বেড়া দিতে বাধ্য হয়েছেন তিনি। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠক এবং আদালতে মামলা করেও মেলেনি বিরোধের স্থায়ী সমাধান। উল্টো যেকোনো সময় জমি দখল ও অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় আতঙ্কে দিন পার করছে তাঁর পরিবার। এ ঘটনায় নিরাপত্তা ও আইনগত প্রতিকার চেয়ে আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগও দিয়েছেন তিনি।

ঘটনাটি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের কাটালী ভেদুপাড়া গ্রামের। ভুক্তভোগী গিরিক বর্মনের সঙ্গে একই গ্রামের মো. রহিম উদ্দিনের জমির মালিকানা ও দখল নিয়ে এ বিরোধ চলছে।

ভুক্তভোগীর লিখিত অভিযোগ ও দেওয়া তথ্য অনুযায়ী, ২০০৪ সালে একই গ্রামের ইমার মোহাম্মদের কাছ থেকে জমিটি ক্রয় করেন গিরিক বর্মন। তোড়িয়া ইউনিয়নের কাটালী মৌজার ২২ নম্বর এসএ খতিয়ানের অন্তর্ভুক্ত দুটি দাগে মোট ৫০ শতক জমি কেনেন তিনি। এর মধ্যে ৬২ নম্বর দাগে ৩০ শতক এবং ৬৬ নম্বর দাগে ২০ শতক জমি রয়েছে। জমির নামজারি-সংক্রান্ত খাজনা খারিজ নম্বর ৮০৫।

গিরিক বর্মনের দাবি, জমিটি কেনার পর থেকে তিনি বৈধ কাগজপত্রের ভিত্তিতে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। জমির জন্য নিজের কষ্টার্জিত অর্থ ব্যয় করেছেন তিনি। কিন্তু পরবর্তী সময়ে ওয়ারিশান সূত্রে জমির অংশ পাওয়ার দাবি তুলে মো. রহিম উদ্দিন বিভিন্ন সময় জমিটি দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ তাঁর। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

জমি নিয়ে বিরোধের জেরে স্থানীয়ভাবে একাধিকবার আলোচনা ও সালিশের উদ্যোগ নেওয়া হয়। তবে কোনো উদ্যোগেই বিরোধের স্থায়ী নিষ্পত্তি হয়নি বলে দাবি করেছেন গিরিক বর্মন।

তিনি জানান, বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে ১২ ডিসেম্বর ২০২৩ তারিখে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন তিনি। মামলার নম্বর ৫২১/২৩। পরবর্তী সময়ে উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনার পর ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বিরোধপূর্ণ জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন আদালত।

তবে আদালতের নির্দেশনার পরও বিরোধের অবসান হয়নি বলে অভিযোগ করেন গিরিক বর্মন। তাঁর দাবি, গত ৪ জুলাই ২০২৬ তারিখে মো. রহিম উদ্দিন ও তাঁর লোকজন বিরোধপূর্ণ জমিতে গিয়ে দখলের চেষ্টা করেন। এ সময় নিজের জমির মালিকানা ও দখল বজায় রাখতে গিয়ে বাধার মুখে পড়েন বলে অভিযোগ তাঁর।

দীর্ঘদিনের বিরোধ এবং জমি দখলের আশঙ্কায় শেষ পর্যন্ত নিজের ক্রয়কৃত জমির চারপাশে বাঁশের বেড়া দিয়েছেন গিরিক বর্মন। তাঁর আশঙ্কা, যেকোনো সময় প্রতিপক্ষের লোকজন জমিতে প্রবেশ করে দখল নেওয়ার চেষ্টা করতে পারেন। এ কারণে নিজের জমি রক্ষার পাশাপাশি পরিবারের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন হয়ে পড়েছেন তিনি।

গিরিক বর্মনের ভাষ্য, অনেক কষ্টে উপার্জিত অর্থ দিয়ে জমিটি কিনেছেন। দীর্ঘদিন ধরে জমিটি ভোগদখল করে আসছেন। অথচ এখন নিজের কেনা জমি রক্ষা করতেই তাঁকে নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। জমি নিয়ে বিরোধের স্থায়ী সমাধান না হলে যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা করছেন তিনি।

এ ঘটনায় নিরাপত্তা ও আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে গত ৬ জুলাই ২০২৬ তারিখে আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন গিরিক বর্মন। অভিযোগপত্রে জমির ক্রয়ের বিবরণ, মৌজার নাম, এসএ খতিয়ান, দাগ নম্বর, জমির পরিমাণ, খাজনা খারিজ নম্বর, আদালতে দায়ের করা মামলা এবং প্রতিপক্ষের বিরুদ্ধে জমি দখলের চেষ্টাসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন তিনি।

তাঁর প্রত্যাশা, জমির দলিল, খতিয়ান, দাগ নম্বর, নামজারি ও আদালতের নথিপত্র যথাযথভাবে যাচাই করে আইন অনুযায়ী বিরোধের নিষ্পত্তি করা হবে। একই সঙ্গে তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত মো. রহিম উদ্দিনের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিয়ার রহমান জানান, গিরিক বর্মন নামের ওই ব্যক্তি জমিসংক্রান্ত বিষয়ে থানায় একটি অভিযোগ করেছিলেন। পরবর্তী সময়ে থানা পুলিশ অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করেছে। বর্তমানে মামলাটি পঞ্চগড় বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।

দীর্ঘদিনের এই জমি বিরোধে একদিকে নিজের ক্রয়কৃত জমির মালিকানা ও দখল ধরে রাখার চেষ্টা করছেন গিরিক বর্মন, অন্যদিকে বিরোধের কারণে অনিশ্চয়তায় পড়েছে তাঁর পরিবারের স্বাভাবিক জীবনযাপন। স্থানীয়ভাবে সালিশ কিংবা আইনি প্রক্রিয়ায় দ্রুত বিরোধের নিষ্পত্তি না হলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপের মাধ্যমে বিরোধের আইনসম্মত সমাধান এবং উভয় পক্ষের নিরাপত্তা নিশ্চিত হওয়াই প্রত্যাশা।

আটোয়ারীতে নিষিদ্ধ আঃলীগের দুই নেতাকর্মীসহ তিনজন গ্রেপ্তার

সালাম মুর্শেদী, (পঞ্চগড়) প্রতিনিধিঃ প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৬:৩২ পিএম
আটোয়ারীতে নিষিদ্ধ আঃলীগের দুই নেতাকর্মীসহ তিনজন গ্রেপ্তার

পঞ্চগড়ের আটোয়ারীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই নেতাকর্মী এবং পৃথক একটি মামলায় ওয়ারেন্টভুক্ত এক আসামিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) রাত থেকে শনিবার (২১ নভেম্বর) সকাল পর্যন্ত আটোয়ারী, পঞ্চগড় ও তেঁতুলিয়া থানা পুলিশের যৌথ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের আরাজী মণ্ডলহাট মহাজনপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে জাহিদুল ইসলাম জাহিদ, মির্জাপুর ইউনিয়নের সরদারপাড়া গ্রামের মৃত রফিজ উদ্দিনের ছেলে আবুল কালাম আজাদ এবং রাধানগর ইউনিয়নের প্রধানপাড়া গ্রামের আলম হোসেনের ছেলে নয়ন আলী। তাঁদের মধ্যে জাহিদুল ইসলাম জাহিদকে তেঁতুলিয়া থেকে এবং অপর দুজনকে আটোয়ারী উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পঞ্চগড়ের পুলিশ সুপারের নির্দেশনায় শুক্রবার রাতে আটোয়ারী, পঞ্চগড় ও তেঁতুলিয়া থানা পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জাহিদুল ইসলাম জাহিদকে তেঁতুলিয়া উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়। পরে শনিবার সকালে আটোয়ারীর কিসমত এলাকা থেকে আবুল কালাম আজাদকে এবং নিজ বাড়ি থেকে ওয়ারেন্টভুক্ত আসামি নয়ন আলীকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের দাবি, গ্রেপ্তার জাহিদুল ইসলাম জাহিদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ফেসবুক আইডি ও গ্রুপের মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অনলাইন কার্যক্রমে সক্রিয় ছিলেন বলে অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে সাইবার ক্রাইমসংক্রান্ত মামলাও রয়েছে।

পুলিশ আরও জানায়, জাহিদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক প্রচার, নাশকতা ও অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনের বিভিন্ন গ্রুপের চ্যাটিং ও মেসেজ থেকে এসব কর্মকাণ্ডের সংশ্লিষ্টতার তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলে দাবি পুলিশের।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এদিকে জাহিদুল ইসলাম জাহিদের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট এলাকার কয়েকজন বাসিন্দা। তাঁদের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িত আরও কিছু ব্যক্তি এলাকায় সক্রিয় রয়েছেন। তাঁদেরও শনাক্ত করে তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিয়ার রহমান বলেন, “দেশে বিশৃঙ্খলা ও নাশকতা সৃষ্টির সঙ্গে জড়িত যেকোনো ব্যক্তির বিরুদ্ধে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছে। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও দুষ্কৃতকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।

আঃলীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে আটোয়ারীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

সালাম মুর্শেদী, (পঞ্চগড়) প্রতিনিধিঃ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৭:২০ পিএম
আঃলীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে আটোয়ারীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে পঞ্চগড়ের আটোয়ারীতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় আটোয়ারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা মোঃ শাহাজাহান, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ পারভেজ, যুবদলের যুগ্ম আহবায়ক আজহারুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক সায়মুন আকতার সুমন, এড. মোঃ সোহেল রানা সহ উপজেলার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তাৎক্ষণিক কর্মসূচি হওয়া সত্ত্বেও নেতাকর্মীদের উপস্থিতিতে মিছিলটি সরব হয়ে ওঠে।

মিছিল থেকে বক্তারা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় যেকোনো ধরনের ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের যেকোনো অপচেষ্টা রাজনৈতিক ও সাংগঠনিকভাবে প্রতিহত করা হবে। একই সঙ্গে দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা রাজপথে ঐক্যবদ্ধ রয়েছেন। যেকোনো পরিস্থিতিতে দেশের মানুষের স্বার্থ রক্ষায় তাঁরা সোচ্চার থাকবেন। বিক্ষোভ মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

আটোয়ারীতে পুনর্বাসনে ২৫৩ বান ঢেউটিন ও ৭ লাখ ৫৯ হাজার টাকা বিতরণ

সালাম মুর্শেদী, (পঞ্চগড়) প্রতিনিধিঃ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ২:৫৭ পিএম
আটোয়ারীতে পুনর্বাসনে ২৫৩ বান ঢেউটিন ও ৭ লাখ ৫৯ হাজার টাকা বিতরণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের ঘরবাড়ি পুনর্নির্মাণ ও স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনতে পঞ্চগড়ের আটোয়ারীতে ২৫৩টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। দুর্যোগের ক্ষয়ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় সরকারি ও ব্যক্তিগত তহবিলের যৌথ অর্থায়নে এসব সহায়তা প্রদান করা হয়।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিকভাবে এসব সহায়তা বিতরণ করা হয়।

আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপমা রায়ের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ফজলুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম দুলাল, সাংগঠনিক সম্পাদক মো. বদিউজ্জামান মানিক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার ছয়টি ইউনিয়নে বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মোট ২৫৩টি পরিবারকে এ সহায়তার জন্য নির্বাচিত করা হয়। পুনর্বাসন কার্যক্রমের আওতায় প্রতিটি পরিবারকে এক বান করে ঢেউটিন এবং ঘরবাড়ি মেরামতের জন্য নগদ ৩ হাজার টাকার চেক দেওয়া হয়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাদের বসতঘর মেরামত ও পুনর্নির্মাণের মাধ্যমে নতুন করে স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে।

এ কার্যক্রমের আওতায় মোট ২৫৩ বান ঢেউটিন এবং নগদ ৭ লাখ ৫৯ হাজার টাকা বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সরকারের ত্রাণ তহবিলের পাশাপাশি পঞ্চগড়ের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিদের ব্যক্তিগত তহবিল থেকেও এ মানবিক উদ্যোগে অর্থায়ন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ফজলুল করিম বলেন, বাংলাদেশ সরকারের ত্রাণ তহবিল ও সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিদের ব্যক্তিগত তহবিলের যৌথ অর্থায়নে উপজেলার ছয়টি ইউনিয়নের দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২৫৩টি পরিবারের মাঝে এসব সহায়তা বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারকে এক বান ঢেউটিনের পাশাপাশি ঘর মেরামতের জন্য ৩ হাজার টাকার চেক দেওয়া হয়েছে। এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কিছুটা হলেও আর্থিক স্বস্তি পাবে এবং নিজেদের ঘরবাড়ি মেরামত করতে পারবে।

প্রাকৃতিক দুর্যোগে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পর অনেক অসহায় পরিবারের পক্ষে নিজস্ব অর্থায়নে তা মেরামত করা কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা তাদের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্থানীয়দের প্রত্যাশা, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।