বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

আঃলীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে আটোয়ারীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

সালাম মুর্শেদী, (পঞ্চগড়) প্রতিনিধিঃ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৭:২০ পিএম
আঃলীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে আটোয়ারীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে পঞ্চগড়ের আটোয়ারীতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় আটোয়ারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা মোঃ শাহাজাহান, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ পারভেজ, যুবদলের যুগ্ম আহবায়ক আজহারুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক সায়মুন আকতার সুমন, এড. মোঃ সোহেল রানা সহ উপজেলার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তাৎক্ষণিক কর্মসূচি হওয়া সত্ত্বেও নেতাকর্মীদের উপস্থিতিতে মিছিলটি সরব হয়ে ওঠে।

মিছিল থেকে বক্তারা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় যেকোনো ধরনের ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের যেকোনো অপচেষ্টা রাজনৈতিক ও সাংগঠনিকভাবে প্রতিহত করা হবে। একই সঙ্গে দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা রাজপথে ঐক্যবদ্ধ রয়েছেন। যেকোনো পরিস্থিতিতে দেশের মানুষের স্বার্থ রক্ষায় তাঁরা সোচ্চার থাকবেন। বিক্ষোভ মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

আটোয়ারীতে পুনর্বাসনে ২৫৩ বান ঢেউটিন ও ৭ লাখ ৫৯ হাজার টাকা বিতরণ

সালাম মুর্শেদী, (পঞ্চগড়) প্রতিনিধিঃ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ২:৫৭ পিএম
আটোয়ারীতে পুনর্বাসনে ২৫৩ বান ঢেউটিন ও ৭ লাখ ৫৯ হাজার টাকা বিতরণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের ঘরবাড়ি পুনর্নির্মাণ ও স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনতে পঞ্চগড়ের আটোয়ারীতে ২৫৩টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। দুর্যোগের ক্ষয়ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় সরকারি ও ব্যক্তিগত তহবিলের যৌথ অর্থায়নে এসব সহায়তা প্রদান করা হয়।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিকভাবে এসব সহায়তা বিতরণ করা হয়।

আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপমা রায়ের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ফজলুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম দুলাল, সাংগঠনিক সম্পাদক মো. বদিউজ্জামান মানিক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার ছয়টি ইউনিয়নে বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মোট ২৫৩টি পরিবারকে এ সহায়তার জন্য নির্বাচিত করা হয়। পুনর্বাসন কার্যক্রমের আওতায় প্রতিটি পরিবারকে এক বান করে ঢেউটিন এবং ঘরবাড়ি মেরামতের জন্য নগদ ৩ হাজার টাকার চেক দেওয়া হয়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাদের বসতঘর মেরামত ও পুনর্নির্মাণের মাধ্যমে নতুন করে স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে।

এ কার্যক্রমের আওতায় মোট ২৫৩ বান ঢেউটিন এবং নগদ ৭ লাখ ৫৯ হাজার টাকা বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সরকারের ত্রাণ তহবিলের পাশাপাশি পঞ্চগড়ের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিদের ব্যক্তিগত তহবিল থেকেও এ মানবিক উদ্যোগে অর্থায়ন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ফজলুল করিম বলেন, বাংলাদেশ সরকারের ত্রাণ তহবিল ও সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিদের ব্যক্তিগত তহবিলের যৌথ অর্থায়নে উপজেলার ছয়টি ইউনিয়নের দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২৫৩টি পরিবারের মাঝে এসব সহায়তা বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারকে এক বান ঢেউটিনের পাশাপাশি ঘর মেরামতের জন্য ৩ হাজার টাকার চেক দেওয়া হয়েছে। এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কিছুটা হলেও আর্থিক স্বস্তি পাবে এবং নিজেদের ঘরবাড়ি মেরামত করতে পারবে।

প্রাকৃতিক দুর্যোগে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পর অনেক অসহায় পরিবারের পক্ষে নিজস্ব অর্থায়নে তা মেরামত করা কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা তাদের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্থানীয়দের প্রত্যাশা, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আটোয়ারীতে ঐতিহ্যবাহী আলোয়াখোয়া রাশ মেলার প্রস্তুতিমূলক সভা, উদ্বোধন ২৪ নভেম্বর

সালাম মুর্শেদী, (পঞ্চগড়) প্রতিনিধিঃ প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১:২৮ পিএম
আটোয়ারীতে ঐতিহ্যবাহী আলোয়াখোয়া রাশ মেলার প্রস্তুতিমূলক সভা, উদ্বোধন ২৪ নভেম্বর

ইতিহাস, ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির ধারক পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ঐতিহ্যবাহী আলোয়াখোয়া রাশ মেলা-২০২৬ আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মেলার সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে আগামী ২৪ নভেম্বর মেলার আনুষ্ঠানিক উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসাঃ শুকরিয়া পারভীন।

উপজেলা একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায়, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ অফিসার ডা. মোঃ হুমায়ুন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোস্তাক আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রোকনুজ্জামান রাসেল, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মতিয়ার রহমান, উপজেলা বিএনপির সভাপতি এজেডএম বজলুর রহমান জাহেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রহমান আব্দর, উপজেলা এনসিপির সভাপতি মোঃ সোলাইমান আলী, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় সর্বসম্মতিক্রমে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল ইসলামকে আলোয়াখোয়া রাশ মেলা-২০২৬-এর সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। পাশাপাশি মেলা সুষ্ঠুভাবে পরিচালনা, আইনশৃঙ্খলা রক্ষা এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।

আলোয়াখোয়া রাশ মেলা শুধু একটি সাধারণ গ্রামীণ মেলা নয়, এটি এ অঞ্চলের ইতিহাস, ধর্মীয় সম্প্রীতি, লোকজ সংস্কৃতি ও সামাজিক বন্ধনের এক ঐতিহাসিক নিদর্শন। স্থানীয় ইতিহাস ও প্রচলিত জনশ্রুতি অনুযায়ী, উনবিংশ শতকের ষাটের দশকে, অর্থাৎ প্রায় ১৮৬০-এর দশকে আলোয়াখোয়া এলাকার জমিদার তারিণী প্রসাদ রায়ের উদ্যোগে নাগর নদীর তীরে এ মেলার প্রচলন শুরু হয়। সেই হিসাবে মেলাটির ইতিহাস প্রায় দেড় শতাব্দীরও বেশি সময়ের।

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব রাস পূর্ণিমাকে কেন্দ্র করে এ মেলার আয়োজন করা হয়। প্রতিবছর কার্তিক অথবা অগ্রহায়ণ মাসে রাস পূর্ণিমার পবিত্র তিথিতে ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ‘রাস ঘোরানো’র মাধ্যমে মেলার শুভ সূচনা হয়ে থাকে। ধর্মীয় বিশ্বাস, আচার-অনুষ্ঠান ও ঐতিহ্যের সমন্বয়ে গড়ে ওঠা এ আয়োজন ধীরে ধীরে বৃহত্তর জনপদের মানুষের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে।

কালের পরিক্রমায় আলোয়াখোয়া রাশ মেলা তার ধর্মীয় গণ্ডি পেরিয়ে পরিণত হয়েছে সব ধর্ম ও বর্ণের মানুষের এক মহামিলনমেলায়। হিন্দু-মুসলমানসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এ মেলায় অংশ নেন। দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থী, ব্যবসায়ী ও উৎসুক মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো মেলা প্রাঙ্গণ। মেলায় গ্রামীণ জীবনের নানা উপকরণ, হস্তশিল্প, খেলনা, মিষ্টি, খাবারসহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা।

স্থানীয়ভাবে মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজ মাঠসহ নাগর নদীর তীরবর্তী এলাকায় এ মেলার আয়োজন করা হয়ে থাকে। প্রজন্মের পর প্রজন্ম ধরে এ মেলা স্থানীয় মানুষের স্মৃতি, আবেগ ও আনন্দের সঙ্গে জড়িয়ে আছে। বিশেষ করে গ্রামীণ জনপদের শিশু-কিশোর, তরুণ-তরুণী থেকে শুরু করে বয়োবৃদ্ধদের কাছেও মেলাটি আনন্দ ও মিলনমেলার এক বিশেষ উপলক্ষ।

এ মেলার মধ্য দিয়ে একদিকে যেমন স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতির চর্চা অব্যাহত রয়েছে, অন্যদিকে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হচ্ছে। দীর্ঘদিনের এ ঐতিহ্য ধরে রাখতে প্রতিবছরই স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসী সম্মিলিতভাবে মেলা আয়োজনের উদ্যোগ গ্রহণ করেন।

আসন্ন আলোয়াখোয়া রাশ মেলা-২০২৬ ঘিরেও স্থানীয় মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আগামী ২৪ নভেম্বর মেলার উদ্বোধনের মধ্য দিয়ে আবারও এ জনপদে বসবে ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলা। প্রায় দেড় শতাব্দীর ইতিহাস বুকে ধারণ করে আলোয়াখোয়া রাশ মেলা যেন আজও এ অঞ্চলের মানুষের ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য প্রতীক।

কালবেলায় সংবাদ প্রচারের পর আটোয়ারীতে জান্নাত বেকারি সিলগালা, মালিককে ১৫ হাজার টাকা জরিমানা

সালাম মুর্শেদী, (পঞ্চগড়) প্রতিনিধিঃ প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৮:৫৮ পিএম
কালবেলায় সংবাদ প্রচারের পর আটোয়ারীতে জান্নাত বেকারি সিলগালা, মালিককে ১৫ হাজার টাকা জরিমানা

oplus_2

পঞ্চগড়ের আটোয়ারীতে অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধ ও মানহীন খাদ্যপণ্য উৎপাদন এবং বাজারজাতের অভিযোগে জান্নাত বেকারি নামের একটি প্রতিষ্ঠান সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটির মালিক মো. জলিলকে (৩৫) ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অনাদায়ে এক মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। সম্প্রতি দৈনিক কালবেলায় বেকারিটির অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর এ অভিযান পরিচালনা করা হয়।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কলেজ মোড় এলাকায় অবস্থিত জান্নাত বেকারিতে এ বিশেষ অভিযান পরিচালনা করেন আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপমা রায়।

অভিযান সূত্রে জানা যায়, বেকারিটিতে অত্যন্ত অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে অবৈধ, মানহীন এবং অস্বাভাবিকভাবে খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব অনিয়মের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। পাশাপাশি ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠানটির মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয় সূত্রে অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগের স্যানিটারি ইন্সপেক্টরকে ম্যানেজ করে দীর্ঘদিন ধরে জান্নাত বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল। ফলে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এমন একটি প্রতিষ্ঠান কীভাবে দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসছিল, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে।

বেকারিটি পরিচালনার জন্য প্রয়োজনীয় বৈধ ছাড়পত্র ও স্বাস্থ্য বিভাগের অনুমোদন কীভাবে পেয়েছে, সে বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট স্যানিটারি ইন্সপেক্টর মো. আব্দুল গনি বিষয়টি এড়িয়ে যান বলে অভিযোগ রয়েছে। তাঁর দায়িত্ব ও তদারকির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

এদিকে স্থানীয় সচেতন মহলের দাবি, শুধু অভিযান পরিচালনা করে একটি প্রতিষ্ঠান সিলগালা করলেই দায়িত্ব শেষ হয় না। দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতের পেছনে কারও দায়িত্বে অবহেলা কিংবা যোগসাজশ রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। পাশাপাশি উপজেলার অন্যান্য বেকারি ও খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধেও নিয়মিত তদারকি ও অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন তাঁরা।

জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এমন প্রত্যাশা স্থানীয়দের।

উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর আটোয়ারী উপজেলার সকল অবৈধ বেকারির কারখানার সংবাদ কালবেলার মাল্টিমিডিয়া প্রকাশ করা হয়।