আটোয়ারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের উৎসাহিত করা এবং দেশের রপ্তানি বাণিজ্যে এ খাতের সম্ভাবনা তুলে ধরার লক্ষ্যে পঞ্চগড়ের আটোয়ারীতে পালিত হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার রায়। ভেটেরিনারি সার্জন ডা. মো. আব্দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম বজলুর রহমান জাহেদ, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম দুলাল, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাক আহমেদ, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিয়ার রহমান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. ফয়সল, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. রাশেদুজ্জামান, আইসিটি কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা তৌকির আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডের আয়বায়ক মো. পশিম উদ্দিন এবং বিএনপির মহিলা নেত্রী মর্জিনা বেগমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং পুষ্টির চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতকে আরও সমৃদ্ধ করতে আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, উন্নত জাতের সম্প্রসারণ, রোগ প্রতিরোধ এবং খামারিদের প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি মানসম্মত উৎপাদন নিশ্চিত করে আন্তর্জাতিক বাজারে প্রাণিসম্পদজাত পণ্য রপ্তানির সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।
এ সময় স্থানীয় খামারিরা তাদের খামার পরিচালনার বিভিন্ন সমস্যা, উৎপাদন ব্যয়, পশুখাদ্যের মূল্য এবং বিদ্যমান সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা ও সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও আলোচনায় উঠে আসে।
অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী, স্থানীয় খামারি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বক্তারা আশা প্রকাশ করেন, প্রাণিসম্পদ সপ্তাহের এ আয়োজন খামারিদের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি আধুনিক খামার ব্যবস্থাপনা ও বাণিজ্যিক উৎপাদনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।





