আটোয়ারীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে
পঞ্চগড়ের আটোয়ারীতে দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা, সততা ও সুশাসনের চর্চা জোরদার করার লক্ষ্যে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ জুন) সকালে দুর্নীতি দমন কমিশন সমন্বিত ঠাকুরগাঁও জেলার আয়োজনে এবং আটোয়ারী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত হয়। আটোয়ারী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত ঠাকুরগাঁও জেলার উপ-সহকারী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম। এসময় অনুষ্ঠিত ওই কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে দুর্নীতির কুফল, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে কেবল আইন প্রয়োগই যথেষ্ট নয়, বরং পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিকভাবে নৈতিক মূল্যবোধের চর্চা নিশ্চিত করতে হবে। তরুণ প্রজন্মকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার করে গড়ে তুলতে পারলেই একটি সুশাসনভিত্তিক ও উন্নত রাষ্ট্র বিনির্মাণ সম্ভব হবে।
আলোচনা সভা শেষে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ওই বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দ্বায়িত্ব ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রেজাউন-নবী-রাজ এবং বিচারক হিসেবে দ্বায়িত্বে ছিলেন অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ ফরহাদ হোসেন, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুল ইসলাম ও উপজেলা আইসিটি অফিসার এ.এম আরিফুল ইসলাম।
বিতর্কে শিক্ষার্থীরা অংশ নিয়ে দুর্নীতির কারণ, এর ক্ষতিকর প্রভাব এবং প্রতিরোধে করণীয় বিষয়ে যুক্তি ও তথ্যভিত্তিক বক্তব্য উপস্থাপন করেন। বিচারকমণ্ডলীর মূল্যায়নে সেরা দল ও সেরা বক্তা নির্বাচন করা হয়।
পরে বিজয়ী দল মির্জাপুর উচ্চ বিদ্যালয় ও রানারআপ দল বারআউলিয়া উচ্চ বিদ্যালয় সহ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার তুলে দেন অতিথিরা।





