সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

আটোয়ারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা, দোয়া ও র‍্যালি

সালাম মুর্শেদী, (পঞ্চগড়) প্রতিনিধিঃ প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৫:৪৬ পিএম
আটোয়ারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা, দোয়া ও র‍্যালি

পঞ্চগড়ের আটোয়ারীতে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বর্ণাঢ্য র‍্যালি করেছে উপজেলা বিএনপি।

রোববার (৮ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয় থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান মানিক, মোঃ বাবুল হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, সাবেক আহবায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন, সেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ পারভেজ, তোড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন সহ দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে দলীয় কার্যালয়ে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, জাতীয় জীবনে এ দিবসের গুরুত্ব এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জাতীয় ঐক্য ও সংহতির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিনটি জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনাকে ধারণ করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান ও ঐতিহাসিক ঘটনাপ্রবাহ স্মরণ করে তাঁরা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষা, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং বিএনপির চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ দলের নেতাকর্মীদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আটোয়ারীতে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

সালাম মুর্শেদী, (পঞ্চগড়) প্রতিনিধিঃ প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১:১৭ পিএম
আটোয়ারীতে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নানা আয়োজনের মধ্য দিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দেশাত্মবোধক গান পরিবেশন ও আলোচনা সভা।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ রেজাউন নবী রাজার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার রায়, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ অফিসার ডা. মোঃ হুমায়ুন কবির, উপজেলা কৃষি অফিসার মোঃ মোস্তাক আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ রোকনুজ্জামান রাসেল ও আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মতিয়ার রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এজেডএম বজলুর রহমান জাহেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রহমান আব্দার, সাংগঠনিক সম্পাদক বাবুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কশিমউদ্দীন, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শেখ নুরুল হকসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ, মহান মুক্তিযুদ্ধ-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং জাতীয় জীবনে বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন।
বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল দিন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানকে হত্যার পর দেশের রাজনৈতিক ও সামরিক অঙ্গনে চরম অস্থিরতা সৃষ্টি হয়। পরবর্তী সময়ে ৩ নভেম্বর সেনাবাহিনীর অভ্যন্তরে অভ্যুত্থান এবং ৭ নভেম্বর সংঘটিত পাল্টা অভ্যুত্থান দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করে।
ঐতিহাসিকভাবে ৭ নভেম্বরকে কেন্দ্র করে সিপাহি ও জনতার অংশগ্রহণে সেনাবাহিনীর অভ্যন্তরে বিদ্যমান সংকটের পরিবর্তন ঘটে। ওই দিন সেনাবাহিনীর তৎকালীন বন্দি কর্মকর্তা মেজর জিয়াউর রহমান মুক্ত হন। পরবর্তী সময়ে তিনি দেশের রাষ্ট্রক্ষমতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিএনপির রাজনৈতিক ইতিহাসে দিনটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে বিশেষ গুরুত্ব বহন করে।

বক্তারা আরও বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মূল শিক্ষা হলো জাতীয় ঐক্য, পারস্পরিক সহযোগিতা, দেশপ্রেম ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সম্মিলিত দায়িত্ববোধ। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন প্রজন্মের কাছে দেশের সঠিক ইতিহাস তুলে ধরার পাশাপাশি গণতন্ত্র, স্বাধীনতা ও জাতীয় সংহতির মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।
আলোচনা সভায় দিবসটির ঐতিহাসিক পটভূমি ও গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও দেশাত্মবোধক সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি সম্পন্ন হয়।
অনুষ্ঠান শেষে, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আটোয়ারীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, উপকৃত সহস্রাধিক মানুষ

সালাম মুর্শেদী, (পঞ্চগড়) প্রতিনিধিঃ প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৮:৫৯ পিএম
আটোয়ারীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, উপকৃত সহস্রাধিক মানুষ

‘রক্ত দিন, জীবন বাঁচান’—এই স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় এক হাজার মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) উপজেলার বলরামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চারটি পাড়া ও কালিতলা বাজার এলাকায় এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সাতখামার, ঝাপসিপাড়া ও লক্ষ্মীবার সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এবং বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত কালিতলা বাজারে এ কার্যক্রম পরিচালিত হয়।

পঞ্চগড়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশারী’র আয়োজনে এবং ‘হিমালয় কন্যা ব্লাড ডোনার সোসাইটি, আটোয়ারী, পঞ্চগড়’-এর সহযোগিতায় ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয়। এতে সার্বিক পৃষ্ঠপোষকতা করেন সাবেক শিক্ষক, স্বেচ্ছাসেবার সেরা স্বেচ্ছাসেবী অ্যাওয়ার্ডপ্রাপ্ত এবং আলোর দিশারীর প্রতিষ্ঠাতা ও সভাপতি বাবলুর রশিদ বাবলু।

ক্যাম্পেইনে বিভিন্ন বয়সী নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। স্বেচ্ছাসেবীরা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি সাধারণ মানুষকে রক্তদানের প্রয়োজনীয়তা, উপকারিতা ও মানবিক গুরুত্ব সম্পর্কে সচেতন করেন। একই সঙ্গে জরুরি প্রয়োজনে যেন সহজেই রক্তদাতা খুঁজে পাওয়া যায়, সে লক্ষ্যেও মানুষকে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করা হয়।

আয়োজকরা জানান, অনেক মানুষই নিজের রক্তের গ্রুপ জানেন না। অথচ দুর্ঘটনা, অস্ত্রোপচার, প্রসূতি মায়ের জরুরি চিকিৎসাসহ নানা প্রয়োজনে মুহূর্তের মধ্যে রক্তের প্রয়োজন হতে পারে। এ সময় নিজের রক্তের গ্রুপ জানা থাকলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানের মানসিকতা তৈরি হলে অনেক মুমূর্ষু রোগীর জীবন বাঁচানো সম্ভব। সেই চিন্তা থেকেই প্রত্যন্ত এলাকার মানুষের দোরগোড়ায় বিনামূল্যে এ সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, গ্রামের সাধারণ মানুষের কাছে এ ধরনের স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি রক্তদানে উদ্বুদ্ধ করার এই উদ্যোগ মানুষের মধ্যে মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা বাড়াতে ভূমিকা রাখবে।

আয়োজকরা ভবিষ্যতেও উপজেলার বিভিন্ন এলাকায় এ ধরনের জনসচেতনতামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

আটোয়ারীতে নকল সোনা বিক্রির চেষ্টা, আটক দুই নারী

সালাম মুর্শেদী, (পঞ্চগড়) প্রতিনিধিঃ প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৭:৪২ পিএম
আটোয়ারীতে নকল সোনা বিক্রির চেষ্টা, আটক দুই নারী

পঞ্চগড়ের আটোয়ারীতে স্বর্ণের দোকানে আসল সোনার চেইনের পরিবর্তে নকল চেইন দিয়ে প্রতারণার অভিযোগে দুই নারীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আসল স্বর্ণের চেইনটি উদ্ধার করা হয়েছে।

আটক নারীরা হলেন, রংপুর জেলার পীরগঞ্জ থানার লাল মিঠিপুর গ্রামের লাল মিয়ার মেয়ে নাসিমা বেগম (৪১) এবং একই এলাকার সাইদুর রহমানের স্ত্রী শাহানারা বেগম (৫০)। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আটোয়ারী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের পঞ্চগড়ের বিজ্ঞ আদালতে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর দুপুরে আটোয়ারী উপজেলার ফকিরগঞ্জ বাজারের মামনি জুয়েলার্সে ওই দুই নারী একটি স্বর্ণের চেইন বিক্রি করতে যান। এ সময় দোকানের মালিক নিপেন চন্দ্র ঘোষ চেইনটি পরীক্ষা-নিরীক্ষা ও ওজন করে এর মূল্য প্রায় দেড় লাখ টাকা নির্ধারণ করেন।

পরে দোকান মালিক টাকা দেওয়ার জন্য ড্রয়ার থেকে টাকা বের করতে গেলে কৌশলে ওই দুই নারী আসল স্বর্ণের চেইনটি সরিয়ে ফেলেন। এর পরিবর্তে দোকান মালিকের হাতে একটি নকল (ইমিটেশন) চেইন ধরিয়ে দেন। বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিক আটোয়ারী থানা পুলিশকে খবর দেন দোকান মালিক।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই নারীকে জিজ্ঞাসাবাদ করে। পরে নারী পুলিশ সদস্যদের সহায়তায় তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে আসল স্বর্ণের চেইনটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, আটক দুই নারী একটি প্রতারক চক্রের সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্বর্ণের দোকানে গিয়ে একই কৌশলে প্রতারণা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিয়ার রহমান জানান, স্বর্ণের দোকান মালিকের ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পরে ওই দুই নারীকে আটক করে থানায় নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আটোয়ারী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।