আটোয়ারীতে ঐতিহ্যবাহী আলোয়াখোয়া রাশ মেলার প্রস্তুতিমূলক সভা, উদ্বোধন ২৪ নভেম্বর
ইতিহাস, ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির ধারক পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ঐতিহ্যবাহী আলোয়াখোয়া রাশ মেলা-২০২৬ আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মেলার সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে আগামী ২৪ নভেম্বর মেলার আনুষ্ঠানিক উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসাঃ শুকরিয়া পারভীন।
উপজেলা একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায়, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ অফিসার ডা. মোঃ হুমায়ুন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোস্তাক আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রোকনুজ্জামান রাসেল, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মতিয়ার রহমান, উপজেলা বিএনপির সভাপতি এজেডএম বজলুর রহমান জাহেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রহমান আব্দর, উপজেলা এনসিপির সভাপতি মোঃ সোলাইমান আলী, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় সর্বসম্মতিক্রমে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল ইসলামকে আলোয়াখোয়া রাশ মেলা-২০২৬-এর সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। পাশাপাশি মেলা সুষ্ঠুভাবে পরিচালনা, আইনশৃঙ্খলা রক্ষা এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।
আলোয়াখোয়া রাশ মেলা শুধু একটি সাধারণ গ্রামীণ মেলা নয়, এটি এ অঞ্চলের ইতিহাস, ধর্মীয় সম্প্রীতি, লোকজ সংস্কৃতি ও সামাজিক বন্ধনের এক ঐতিহাসিক নিদর্শন। স্থানীয় ইতিহাস ও প্রচলিত জনশ্রুতি অনুযায়ী, উনবিংশ শতকের ষাটের দশকে, অর্থাৎ প্রায় ১৮৬০-এর দশকে আলোয়াখোয়া এলাকার জমিদার তারিণী প্রসাদ রায়ের উদ্যোগে নাগর নদীর তীরে এ মেলার প্রচলন শুরু হয়। সেই হিসাবে মেলাটির ইতিহাস প্রায় দেড় শতাব্দীরও বেশি সময়ের।
সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব রাস পূর্ণিমাকে কেন্দ্র করে এ মেলার আয়োজন করা হয়। প্রতিবছর কার্তিক অথবা অগ্রহায়ণ মাসে রাস পূর্ণিমার পবিত্র তিথিতে ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ‘রাস ঘোরানো’র মাধ্যমে মেলার শুভ সূচনা হয়ে থাকে। ধর্মীয় বিশ্বাস, আচার-অনুষ্ঠান ও ঐতিহ্যের সমন্বয়ে গড়ে ওঠা এ আয়োজন ধীরে ধীরে বৃহত্তর জনপদের মানুষের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে।
কালের পরিক্রমায় আলোয়াখোয়া রাশ মেলা তার ধর্মীয় গণ্ডি পেরিয়ে পরিণত হয়েছে সব ধর্ম ও বর্ণের মানুষের এক মহামিলনমেলায়। হিন্দু-মুসলমানসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এ মেলায় অংশ নেন। দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থী, ব্যবসায়ী ও উৎসুক মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো মেলা প্রাঙ্গণ। মেলায় গ্রামীণ জীবনের নানা উপকরণ, হস্তশিল্প, খেলনা, মিষ্টি, খাবারসহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা।
স্থানীয়ভাবে মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজ মাঠসহ নাগর নদীর তীরবর্তী এলাকায় এ মেলার আয়োজন করা হয়ে থাকে। প্রজন্মের পর প্রজন্ম ধরে এ মেলা স্থানীয় মানুষের স্মৃতি, আবেগ ও আনন্দের সঙ্গে জড়িয়ে আছে। বিশেষ করে গ্রামীণ জনপদের শিশু-কিশোর, তরুণ-তরুণী থেকে শুরু করে বয়োবৃদ্ধদের কাছেও মেলাটি আনন্দ ও মিলনমেলার এক বিশেষ উপলক্ষ।
এ মেলার মধ্য দিয়ে একদিকে যেমন স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতির চর্চা অব্যাহত রয়েছে, অন্যদিকে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হচ্ছে। দীর্ঘদিনের এ ঐতিহ্য ধরে রাখতে প্রতিবছরই স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসী সম্মিলিতভাবে মেলা আয়োজনের উদ্যোগ গ্রহণ করেন।
আসন্ন আলোয়াখোয়া রাশ মেলা-২০২৬ ঘিরেও স্থানীয় মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আগামী ২৪ নভেম্বর মেলার উদ্বোধনের মধ্য দিয়ে আবারও এ জনপদে বসবে ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলা। প্রায় দেড় শতাব্দীর ইতিহাস বুকে ধারণ করে আলোয়াখোয়া রাশ মেলা যেন আজও এ অঞ্চলের মানুষের ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য প্রতীক।





