আটোয়ারীতে নিষিদ্ধ আঃলীগের দুই নেতাকর্মীসহ তিনজন গ্রেপ্তার
পঞ্চগড়ের আটোয়ারীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই নেতাকর্মী এবং পৃথক একটি মামলায় ওয়ারেন্টভুক্ত এক আসামিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) রাত থেকে শনিবার (২১ নভেম্বর) সকাল পর্যন্ত আটোয়ারী, পঞ্চগড় ও তেঁতুলিয়া থানা পুলিশের যৌথ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের আরাজী মণ্ডলহাট মহাজনপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে জাহিদুল ইসলাম জাহিদ, মির্জাপুর ইউনিয়নের সরদারপাড়া গ্রামের মৃত রফিজ উদ্দিনের ছেলে আবুল কালাম আজাদ এবং রাধানগর ইউনিয়নের প্রধানপাড়া গ্রামের আলম হোসেনের ছেলে নয়ন আলী। তাঁদের মধ্যে জাহিদুল ইসলাম জাহিদকে তেঁতুলিয়া থেকে এবং অপর দুজনকে আটোয়ারী উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পঞ্চগড়ের পুলিশ সুপারের নির্দেশনায় শুক্রবার রাতে আটোয়ারী, পঞ্চগড় ও তেঁতুলিয়া থানা পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জাহিদুল ইসলাম জাহিদকে তেঁতুলিয়া উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়। পরে শনিবার সকালে আটোয়ারীর কিসমত এলাকা থেকে আবুল কালাম আজাদকে এবং নিজ বাড়ি থেকে ওয়ারেন্টভুক্ত আসামি নয়ন আলীকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের দাবি, গ্রেপ্তার জাহিদুল ইসলাম জাহিদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ফেসবুক আইডি ও গ্রুপের মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অনলাইন কার্যক্রমে সক্রিয় ছিলেন বলে অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে সাইবার ক্রাইমসংক্রান্ত মামলাও রয়েছে।
পুলিশ আরও জানায়, জাহিদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক প্রচার, নাশকতা ও অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনের বিভিন্ন গ্রুপের চ্যাটিং ও মেসেজ থেকে এসব কর্মকাণ্ডের সংশ্লিষ্টতার তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলে দাবি পুলিশের।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এদিকে জাহিদুল ইসলাম জাহিদের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট এলাকার কয়েকজন বাসিন্দা। তাঁদের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িত আরও কিছু ব্যক্তি এলাকায় সক্রিয় রয়েছেন। তাঁদেরও শনাক্ত করে তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিয়ার রহমান বলেন, “দেশে বিশৃঙ্খলা ও নাশকতা সৃষ্টির সঙ্গে জড়িত যেকোনো ব্যক্তির বিরুদ্ধে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছে। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও দুষ্কৃতকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।





