ইউজিসির গবেষণা প্রকল্প পেলেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইস্রাফিল শাহীন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সাবেক অধ্যাপক ও নবগঠিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ড. মো. ইস্রাফিল শাহীনের একটি গবেষণা প্রকল্প অর্থায়নের জন্য মনোনীত করেছে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (ইউজিসি)।
পুনর্বাসনের উপায় হিসেবে অংশগ্রহণমূলক সাংস্কৃতিক হস্তক্ষেপ, বাংলাদেশের কিশোর সংশোধনাগারগুলোতে কিশোর অপরাধের ওপর গল্প বলা, লোকনৃত্য, গান, আবৃত্তি, অভিনয় ও খেলাধুলার প্রভাব অন্বেষণ’ শীর্ষক গবেষণা প্রকল্পটি ২০২৫-২৬ অর্থবছরে অর্থায়নের জন্য নির্বাচিত হয়েছে।
এবিষয়ে ড. ইস্রাফিল শাহীন বলেন, ‘অংশগ্রহণমূলক সাংস্কৃতিক হস্তক্ষেপ একটি মানবিক ও কার্যকর পুনর্বাসন পদ্ধতি। শিল্প, সংস্কৃতি, নাটক, সংগীত ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে অপরাধপ্রবণ বা সমাজ থেকে বিচ্ছিন্ন তরুণদের মূলধারায় ফিরিয়ে আনা সম্ভব’।
তিনি আরো জানান, ‘গবেষণা প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের কিশোর সংশোধনাগারগুলোতে গল্প বলা, লোকনৃত্য, গান, আবৃত্তি, অভিনয় ও খেলাধুলার মাধ্যমে কিশোরদের মানসিক পরিবর্তন ও নতুন জীবনের প্রতি আগ্রহ তৈরি হবে’।
ড. শাহীন মনে করেন, ‘এ ধরনের সাংস্কৃতিক হস্তক্ষেপ শুধু অপরাধ কমাতে নয়, আত্মবিশ্বাস বৃদ্ধি ও দলগত মানসিকতা গঠনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি সংশোধনের পাশাপাশি মানবিক রূপান্তরের প্রক্রিয়া হিসেবেও কাজ করবে বলে তার বিশ্বাস’। গবেষণা প্রকল্পটি অর্থায়নের জন্য মনোনীত করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।





