গাছে ঝুলছিল এনামুলের মরদেহ
ত্রিশালে জমি নিয়ে বিরোধ, গাছে ঝুলছিল এনামুলের মরদেহ
ময়মনসিংহের ত্রিশালে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এনামুল হক (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের ছোট ভাই মাজহারুল ইসলাম ও তার স্ত্রী পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রায়েরগ্রাম উজানপাড়া এলাকায় বাড়ির পাশের একটি জলপাই গাছ থেকে এনামুল হকের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, রায়েরগ্রাম উজানপাড়া এলাকার আব্দুল মালেকের বড় ছেলে এনামুল হকের সঙ্গে তার মেজ ভাই মাজহারুল ইসলামের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। নিহতের পরিবারের অভিযোগ, এই বিরোধের জেরে মাজহারুল ইসলাম বিভিন্ন সময় এনামুল হককে হত্যার হুমকি দিয়ে আসছিলেন।
বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে এনামুল হকের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে শুক্রবার সকালে বাড়ির পাশে জলপাই গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা।
খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনার পর নিহতের ভাই মাজহারুল ইসলাম ও তার স্ত্রী পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।





